করোনা সংকটে আরোপিত লকডাউনে ইটভাটার চাকরি বন্ধ। অভাব-অনটনে সংসারের অশান্তি। তাই পরিবারের শান্তি ফেরাতে বন্ধু তান্ত্রিকের পরামর্শে দুবছরের শিশুকন্যাকে খুন করলেন বাবা।
ভারতের উত্তরপ্রদেশের মুজফফরনগরের মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।
এই সময়, রবিবার গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়লে ওই শিশুকন্যাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন ৩০ বছরের ওয়াজিদ। স্থানীয় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করেন তিনি।
বাড়িতে পাঁচ সন্তান ও স্ত্রী রয়েছে। তিন মেয়ের মধ্যে এই শিশুকন্যাই ছিল সবচেয়ে ছোট। সকালে উঠে মেয়েকে পাশে না পেয়ে খোঁজ শুরু করেন ওয়াজিদের স্ত্রী রিহানা। পরে মাঠের পাশে মেয়ের দেহ দেখতে পান।
ততক্ষণে এলাকায় শুরু হয় শোর-চিৎকার। এরই ফাঁকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওয়াজিদ। গ্রামবাসীরা তাকে আটক করে পুলিশের কাছে নিয়ে যায়।
জেরায় ওয়াজিদ জানান, লকডাউনে ভাটা বন্ধ। এছাড়াও বাড়িতে নিত্য অশান্তি লেগে থাকে। তার এক তান্ত্রিক বন্ধু পরামর্শ দেয় তিন মেয়ের মধ্যে যে কোনো একজনকে মেরে ফেললে শান্তি ফিরে আসবে।
তিনি বলেন, পরিবারে শান্তি ফিরিয়ে আনতেই তিনি মেয়েকে খুন করার সিদ্ধান্ত নেন। পরে ২৮ বছরের সেই তান্ত্রিককেও পুলিশ গ্রেপ্তার করেছে।
