লকডাউনে গ্রাহক ও লাভের অঙ্কে বাজিমাত নেটফ্লিক্সের

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ১০:২৭ এএম

বছরের প্রথম তিন মাসে বাজিমাত করেছে নেটফ্লিক্স। এই সময়ে স্ট্রিমিং প্ল্যাটফর্মটি পেয়েছে নতুন ১ কোটি ৬০ লাখ গ্রাহক। পাশাপাশি লাভের অঙ্ক ছাড়িয়ে গেছে আগের বছরকে।

ডকুসিরিজ ‘টাইগার কিং’ ও রিয়্যালিটি শো ‘লাভ ইজ ব্লাইন্ড’-এর মতো কিছু অনুষ্ঠানের মাধ্যমে বছরের শুরু থেকেই হিট নেটফ্লিক্স। সঙ্গে যুক্ত হয়েছে কভিড-১৯ পরিস্থিতিতে বিশ্ব জুড়ে চলমান লকডাউন।

নেটফ্লিক্সের পক্ষ থেকে মঙ্গলবার এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে।

বর্তমানে ১৮.৩ কোটি গ্রাহক রয়েছে এই কোম্পানির। আশা করা হচ্ছে এপ্রিল-জুন এই তিন মাসে যুক্ত হবেন আরও ৭৫ লাখ গ্রাহক।

গত বছরের প্রথম তিন মাসের তুলনায় চলতি বছরে দ্বিগুণের চেয়ে বেশি লাভ করেছে নেটফ্লিক্স। আগের বছর ছিল ৩৪.৪ কোটি ডলার, আর এবার হয়েছে ৭০.৯ কোটি ডলার। ২৮ শতাংশ আয় বেড়ে দাড়িয়েঁছে ৫০৭ কোটি ডলার।

চমকপ্রদভাবে লাভ ও গ্রাহক বৃদ্ধি সত্ত্বেও শেয়ারহোল্ডারদের প্রতি নেটফ্লিক্সের লেখা চিঠিটি ছিল মলিন। এতে জোর দেওয়া হয়েছে করোনাভাইরাস মহামারীর ওপর।

সেখানে বলা হয়, প্রতিষ্ঠানটির দুই দশকের বেশি সময়ে এমন অনিশ্চিত সময় দেখা যায়নি। সঙ্গে জানান, ঘরে থাকার এই সময়ে গ্রাহকদের সেবা দিতে পেরে তারা আনন্দিত।

এটাও বলা হয়, ঘরবন্দি অবস্থা শেষে গ্রাহক বৃদ্ধির হার কমে যেতে পারে। যা শিগগিরই ঘটবে।

অবশ্য শুধু নেটফ্লিক্সই নয়, অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মে আগের তুলনায় বেশি গ্রাহক এসেছে জানুয়ারি-মার্চে। নতুন স্ট্রিমিং সার্ভিস ডিজনি+ এই সময়ে ৫ কোটি গ্রাহকের ঘর অতিক্রম করেছে। ওয়াল্ট ডিজনির এই প্ল্যাটফর্মের এমন অর্জনে শুভেচ্ছা জানিয়েছে নেটফ্লিক্স।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত