করোনা পরিস্থিতিতে লকডাউনের মুখে পড়ে ঘরবন্দী মানুষ। দেশে দেশে শহরগুলো ফাঁকা হয়ে গেছে। অনেক জায়গায় নির্জন রাস্তায় ঘুরাফেরা করছে বনের পশুপ্রাণী।
বাইরে বের হওয়ার উপায় নেই মানুষের। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে পা রাখলেই নিরাপত্তা বাহিনীর দৌড়ানি খেতে হচ্ছে। এ ছাড়া অফিসের কাজকর্মও এখন ঘরে। এর বাইরে অঢেল অলস সময় পার করছে মানুষ।
কারোর সঙ্গে দেখা করা, আড্ডা মারা, ঘুরতে যাওয়া-সবই বন্ধ। এত বিধিনিষেধের মধ্যে জীবন কাটাতে গিয়ে বেশিরভাগ মানুষ অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখছেন।
মানুষের মন দু-রকমের হয়, চেতন ও অবচেতন। সে যখন ঘুমিয়ে থাকি তখন এই অবচেতন মন সক্রিয় হয়ে ওঠে। অবচেতন মনের গভীরে যা কাজ করে, সেটিই মূলত স্বপ্ন।
মহামারির এই সময় স্বাভাবিকভাবে আতঙ্কিত মানুষ। এর মধ্যে ভর করেছে ভবিষ্যত্ নিয়ে দুশ্চিন্তা। সেইসঙ্গে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার আগ্রহ কাজ করছে তাদের মনে। এ সবই স্বপ্ন হিসেবে ধরা দিচ্ছে অবচেতন মনে।
টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, লকডাউনের এই সময়ে তিনটি স্বপ্নই বেশিরভাগ মানুষ দেখছে।
* এই লকডাউনের সময়ে যে স্বপ্ন সবচেয়ে বেশি দেখছে মানুষ, তা হল ছোটবেলার চেনা জায়গায় ফিরে যাওয়া। আসলে মানুষের মধ্যে যে অনিশ্চয়তা কাজ করছে, তার থেকে মুক্তি পেতেই তারা ছোটবেলার নিরাপত্তা ফিরে পেতে চাইছে।
* বন্ধু-বান্ধবদের সঙ্গে আড্ডা মারার স্বপ্নও অনেকে দেখছে। আসলে সবাই মিলে আড্ডা দেওয়ার অর্থ পরিচিত জীবনে ফিরে যাওয়া, যেখানে লকডাউন আর সামাজিক দূরত্বের মতো শব্দগুলো মুছে যাবে।
* নিজের খুব পছন্দের কোনও খাবার খাওয়ার স্বপ্ন দেখছে মানুষ। লকডাউনে পড়ে প্রিয় খাবার মিস করছে অনেকে। এই জন্য দ্রুত আগের মতো সবকিছু স্বাভাবিক সময়ে ফিরে যেতে চায় তারা। প্রিয় রেস্টুরেন্টে বসে প্রিয় ডিশ খাওয়া, প্রিয়জনের সঙ্গে একান্ত মুহূর্ত বা বন্ধুদের সঙ্গ-এসব উঠে আসে স্বপ্নে।
