নিখোঁজ সূত্রাপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম রেজা পিন্টুর বাবার মৃত্যুতে শোক জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির পরাজিত মেয়র প্রার্থী ইশরাক হোসেন।
সূত্রাপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম রেজার বাবা সোলাইমান রেজা বুধবার মারা যান (ইন্না লিল্লাহি...রাজেউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
২০১৩ সালে ১১ ডিসেম্বর মধ্য রাতে পল্লবী এলাকা থেকে ডিবি পরিচয়ে সাদা পোশাকধারীরা তুলে নেয় সূত্রাপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম রেজাকে।
এ বিষয়ে নিজের ফেইসবুক পেজে ওই ছাত্রদল নেতা এবং তার পরিবারের সদস্যদের ছবি প্রকাশ করে শোক জানান ইশরাক।
ইশরাক পিন্টুর বাবার বিদেহী আত্মার মাগফেরাত কমানা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
ইশরাক জানান, অনেক দিন অসুস্থ থাকার পর বুধবার বিকেলে রাজধানীর সূত্রাপুর এলাকায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি।
ইশরাক তার ভেরিফায়েড ফেইসবুক পেজে জানান, 'সূত্রাপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম রেজা পিন্টুর পিতা ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। ২০১৪ ৫ই জানুয়ারির নির্বাচনের নামে একটি প্রহসনের আগে যখন ঢাকা মহানগরীতে বিএনপি তুমুল আন্দোলন গড়ে তোলে, ১১ ডিসেম্বর ২০১৩ তারিখে রাতে বেলা আইন-শৃংখলা রক্ষাকারীবাহিনীর সাদা পোশাকধারী কিছু দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে যায় পল্লবী এলাকা থেকে। আজ পর্যন্ত তার কোন হদিস পাওয়া যায় নাই। তার পরিবার এর সাথে কয়েকবার দেখা করেছি। প্রতিবার তার বৃদ্ধ বাবা ও দিশেহারা বোনকে দেখেছি ততবার চোখের পানি আটকায় রাখতে পারি নাই। শেষ মুহূর্ত পর্যন্ত তার বাবা তাকে খুঁজে বেড়িয়েছেন।
রাজনৈতিক প্রতিহিংসার শিকার এই পরিবারটিরে আল্লাহ ধৈর্য দান করুন।
মহান আল্লাহতালা উনাকে জান্নাত নসীব করুন'।
