বিদেশি ছাড়া লিগে কিংসের না

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ০১:৩৩ এএম

মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ভবিষ্যতে বিদেশি বাদ দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন বাফুফের সহসভাপতি বাদল রায়। করোনাকালে ক্লাবগুলোর অর্থ সংকটের কথা চিন্তা করে বিদেশিদের সঙ্গে চুক্তি শেষ করার পক্ষে তিনি। তাকে সমর্থন জানিয়েছেন আবাহনী লিমিটেডের ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ। তিনি নিজেও বাফুফের সহসভাপতি। তার প্রস্তাব, ভবিষ্যতে স্থানীয়দের নিয়ে লিগ আয়োজন করা। ভাবনাটা বাফুফে সিনিয়র সহসভাপতি ও পেশাদার লিগ কমিটির প্রধান সালাম মুর্শেদীকেও জানিয়েছেন নাবিল। এ নিয়ে শনিবার পেশাদার লিগ কমিটি সভা করবে। তবে বিদেশি ছাড়া লিগে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তাদের দাবি, লিগ যদি আবার শুরু হয়, তবে পুরনো নিয়মেই করতে হবে। শুধু স্থানীয়দের নিয়ে করতে হলে লিগ পুনরায় শুরু করতে হবে।

দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় ১৫ মার্চ আবাহনী-মুক্তিযোদ্ধা ম্যাচের পর আর খেলা হয়নি বিপিএল’র। অনির্দিষ্টকালের জন্য লিগ স্থগিত করেছে বাফুফে। এরপর থেকেই ক্লাবগুলো বিপাকে বিদেশি ফুটবলারদের নিয়ে। দেশে ব্যবসা-বাণিজ্য পরিস্থিতি থমকে গেছে। ডোনেশনের ওপর দিয়ে চলা ক্লাবগুলোর বিদেশিদের বেতন ও রাহা-খরচ দিতে রীতিমতো নাভিশ্বাস উঠছে। বাফুফেও লিগ নিয়ে নির্দিষ্ট কিছু বলছে না বলে ক্লাবগুলোর মধ্যে হতাশা বাড়ছে। এ অবস্থায় ছোট ও মাঝারি সারির কিছু ক্লাব দাবি তুলেছে বিদেশি ছাড়া লিগ আয়োজনের। মোহামেডান-আবাহনী তাতে সমর্থন দিলেও এএফসি কাপে খেলা বসুন্ধরা তা মানতে রাজি নয়। তাছাড়া লিগে শেষ দু’ম্যাচে হেরে কিংস পিছিয়ে পড়েছে খানিকটা। স্থানীয়দের নিয়ে লিগ আয়োজনের ভাবনার কথা জানতে পরে আপত্তি তুলেছেন ক্লাবটির সভাপতি ইমরুল হাসানের, ‘চলতি লিগের বাকিটা যদি স্থানীয়দের নিয়ে আয়োজনের সিদ্ধান্ত হয়, তবে কিংস তাতে অংশ নেবে না।’ ইমরুল বাফুফেকে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর তাগিদ দিয়েছেন, ‘এক মাস বিদেশিদের বসিয়ে বসিয়ে এক কোটি টাকা দিতে হয়েছে। এরকমটা কিন্তু বেশিদিন সম্ভব হবে না। তাই বাফুফে যদি একটা সূচি চূড়ান্ত করে দেয় যে চার কিংবা পাঁচ মাস পর লিগ শুরু করবে, তাহলে আমরা বিদেশিদের সঙ্গে আলোচনায় যেতে পারি। আর বিদেশি বাদ দিয়ে যদি লিগ করতে হয় তবে সেটা নতুন করে শুরু করতে হবে।’

২০১৮ বিশ্বকাপ খেলা কোস্টারিকান ফরোয়ার্ড দানিয়েল কলিনদ্রেস ছাড়াও বসুন্ধরা কিংস আর্জেন্টিনা জাতীয় দলে খেলা হার্নান বার্কোসকে উড়িয়ে এনেছে এএফসি কাপের জন্য। প্রথম ম্যাচে চার গোল করে আস্থার প্রতিদানও দিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির সাবেক এই সতীর্থ। এছাড়া উজবেকিস্তান ও তাজিকিস্তানের তিন খেলোয়াড়ও খেলছেন কিংসের হয়ে। যাদের পেছনে একটা বড় অঙ্ক ঢালতে হচ্ছে ক্লাবটিকে কেবলমাত্র লিগ শিরোপা ধরে রাখা ও এএফসি কাপে ভালো করার লক্ষ্যে। এ অবস্থায় বিদেশিশূন্য লিগের গুঞ্জন তাদের ভালোভাবে না নেওয়ারই কথা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত