শরীয়তপুরে বিভিন্ন এলাকার মসজিদ থেকে মাইকিং করে ডাকাতের গুজব ছড়ানো হয় বলে অভিযোগ উঠেছে। মাইকিং করে বলা হচ্ছে ‘এলাকায় ডাকাত ঢুকেছে’ সবাই হুঁশিয়ার, সাবধান। ফলে জেলার বিভিন্ন উপজেলার দেড় শতাধিক গ্রামের হাজার হাজার মানুষ শোরগোল ও চিৎকার করে হাতে লাঠি, টর্চলাইট নিয়ে রাস্তায় নেমে পড়েন। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত পর্যায়ক্রমে চলে এ মাইকিং।
এলাকাবাসী জানায়, বুধবার দিবাগত গভীর রাতে শরীয়তপুর সদর উপজেলার কাশিপুর, দাতপুর, আংগারিয়া, স্বর্ণঘোষ, চর স্বর্ণঘোষ, ধানুকা, রাজগঞ্জ, আড়িগাঁও, মনোহর বাজার, চিকন্দি, শৌলপাড়া ও নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক, রাজনগর, মোক্তারের চরসহ জাজিরা, ভেদরগঞ্জ, গোসাইরহাট ও ডামুড্যা উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদগুলোতে ‘এলাকায় ডাকাত ঢুকেছে’ সবাই হুঁশিয়ার, সাবধান বলে মাইকিং করা হয়।
এতে গ্রামের হাজার হাজার মানুষ আতঙ্কিত হয়ে লাঠি, টর্চলাইট নিয়ে শোরগোল ও চিৎকার করতে করতে ঘরের বাইরে বের হয়ে আসেন।
এ বিষয়ে নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, রাতে ডিঙ্গামানিক, রাজনগর, মোক্তারের চরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে ফোন আসে। তাৎক্ষণিক গাড়ি নিয়ে বের হই। খোঁজ নিয়ে দেখি কোথাও কোনো ডাকাত আসেনি। এটা গুজব ছাড়া কিছু নয়।
এ ব্যাপারে পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, আমরা প্রত্যেক এলাকায় খবর নিয়েছি, সদরের প্রতিটি এলাকা ঘুরেছি। কোথাও কোনো ডাকাত আসেনি। এটা নিছক একটি গুজব মাত্র। কেউ গুজবে কান দেবেন না।
