কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছে শরীয়তপুরের নড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগ। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান ছাত্রলীগের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত নড়িয়া উপজেলার ভূমখাড়া ইউনিয়নের নলতা এলাকার একাধিক কৃষকের পাকা ধান কেটে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
দেশে বর্তমানে করোনা পরিস্থিতির কারণে শ্রমিকের সংকট থাকায় ধান কাটতে বেশ সমস্যায় পড়ে যান কৃষকেরা।
কৃষকদের সমস্যার খবর পেয়ে নড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক ইমরান খালসীর নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা নলতা চকের কৃষকদের জমির পাকা ধান কেটে দেওয়ার উদ্যোগ নেন।
পরে নেতা-কর্মীরা বৃহস্পতিবার ভোরে একত্র হয়ে পানিতে নেমে ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিতে সাহায্য করেন।
নলতা এলাকার কৃষক আসমা বেগম বলেন, আমার ৫০ শতাংশ জমির ধান পাকছে। এলাকায় কৃষক পাওয়া যায় না। খেতের ধান নিয়ে বেশ দুঃচিন্তায় ছিলাম। হঠাৎ কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে আমার ধান কেটে বাড়িতে পৌঁছে দিতে সাহায্য করেছে।
নড়িয়া উপজেলা কৃষি অফিসার রোকনুজ্জামান বলেন, নড়িয়া উপজেলায় ৫
হাজার ৭২৫ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। উপজেলার কিছু কিছু এলাকায় কৃষকের ধান পাকা শুরু করেছে। শুনলাম নলতা এলাকায় কয়েকজন কৃষকের ধান কেটে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। আমার মতে এটা একটা ভালো উদ্যোগ ।
শরীয়তপুর জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জমান রাশেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক ছাত্রলীগের নেতা-কর্মীদের শরীয়তপুরের কৃষকদের পাশে থাকার নির্দেশ দিয়েছেন।
এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে নলতা এলাকার কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছে নড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগ। শরীয়তপুর জেলার প্রতিটি উপজেলায় এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদফতর কার্যালয়ের (খামার বাড়ি) উপসহকারী কৃষি অফিসার বৃষ্ণ পদ বিশ্বাস জানান, জেলায় ২৬ হাজার ৪০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। গত ২০ এপ্রিল থেকে ধান কাটা শুরু হয়েছে। বোরো ধান পাকলে কৃষকদের দ্রুত কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
