কভিড-নাইনটিন সংক্রমণের কারণে থমকে গেছে বলিউড। অনির্দিষ্টকালের জন্য বড় বাজেটের বেশ কিছু সিনেমার মুক্তি পিছিয়েছে।
এই সব সিনেমার মধ্যে অন্যতম কবির খান পরিচালিত ও রণবীর সিং অভিনীত ‘৮৩’। শোনা যাচ্ছে, এই ছবি ডিজিটালি মুক্তির জন্য ১৪৩ কোটি রুপির প্রস্তাব দেওয়া হয়েছে প্রযোজককে।
‘৮৩’ নির্মিত হয়েছে ১৯৮৩ সালের বিশ্বকাপ ক্রিকেটের ভারতের শিরোপা জয়কে কেন্দ্র করে। এতে ভারতীয় দলের অধিনায়ক কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর। বিপরীতে আছেন তার স্ত্রী দীপিকা পাড়ুকোন। ১০ এপ্রিল সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্তু করোনাভাইরাস তাতে বাগড়া দেয়। এখন একটি স্ট্রিমিং জায়ান্ট ছবিটি কিনতে চাইছে।
তবে এ ধরনের খবর অস্বীকার করেছে প্রযোজনা প্রতিষ্ঠান রিল্যায়েন্স। তাদের পক্ষ থেকে বলা হয়, ‘৮৩’ বড়পর্দার জন্য তৈরি করা হয়েছে। হলের আগে অনলাইন প্ল্যাটফর্মে মুক্তির কোনো পরিকল্পনা নেই। আগামী ৪ থেকে ৬ মাসের মধ্যে প্রেক্ষাগৃহের পরিবেশ স্বাভাবিক হবে। তখন সিনেমাটি মুক্তি পাবে। তা না হলে আমরা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবো।
বলিউডের একটি সূত্র বলছে, শুধু ‘৮৩’ নয়, আরও কিছু সিনেমাকে একই প্রস্তাব দেওয়া হয়েছে। টাকার অঙ্কে যা প্রযোজকদের জন্য লাভেরই বটে।
বিশ্বব্যাপী চলমান লকডাউনে ওটিটি প্ল্যাটফর্মগুলোর গ্রাহক বাড়ছে দিন দিন। কিন্তু সামনের দিনগুলোকে তাদেরও ভুগতে হবে নতুন কনটেন্টের অভাবে। তাই মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার দিকেই প্ল্যাটফর্মগুলোর আগ্রহ।
ইতিমধ্যে গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল, খালি পিলি, কুলি নং ওয়ান, গিনি ওয়েডস সানি, সায়না, ইন্দু কি জাওয়ানি, শেরশাহ-সহ বেশ কিছু সিনেমার প্রযোজকের কাছে প্রস্তাব গেছে। তবে বেশির ভাগ নির্মাতার চোখ প্রেক্ষাগৃহের দিকে।
