‘নাকে সরিষার তেল দিয়ে’ করোনা মারার টোটকা রামদেবের

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ১০:২৮ এএম

শিরোনাম দেখেই নাকে সরিষার তেল ঢেলে দেবেন না। কারণ করোনা মারার টোটকা নিয়ে বাবা রামদেব হাজির হলেও চিকিৎসা বিজ্ঞানে এর কোনো ভিত্তি নেই। খোদ ভারতে বেড়ে চলেছে করোনা আক্রান্ত।

‘তেল থেরাপির’ পাশাপাশি রামদেব জানালেন করোনা ঠেকানোর আরও একটি মোক্ষম দাওয়াই রয়েছে তার কাছে।

এই সময় জানায়, সম্প্রতি একটি ইলেকট্রনিক মিডিয়ার এক ইভেন্টে এসে করোনা ঠেকাতে ঠিক এমনই দাওয়াই দিয়ে যান এই যোগগুরু। কোনো ওষুধ বা ভ্যাকসিন নয়। করোনার সঙ্গে লড়াই করার জন্য রামদেবের টোটকা একটি বিশেষ প্রাণায়ম। আর সেই প্রাণায়মের নাম উজ্জ্বয়ী।

তার কথায়, ‘এর সাহায্যে প্রথমেই আপনি আপনার গলাকে সংকুচিত করবেন। পরক্ষণেই নাকের সাহায্যে বায়ু নিয়ে কিছু ক্ষণ ধরে থাকতে হবে। তারপর ধীরে ধীরে বায়ু নিঃসরণ করতে হবে।’

রামদেবের দাবি, এই টেস্ট তিনি নিজে করে দেখেছেন যে, এর দ্বারা কভিড-১৯ অবশ্যই ঠেকানো সম্ভব।

‘তেল থেরাপি’র বিষয়ে তিনি বলেন, ‘নাকে সরিষার তেল দিলেই করোনাভাইরাস সোজা চলে যাবে পাকস্থলীতে। এরপর পাকস্থলীতে থাকা অ্যাসিডের প্রভাবেই ভাইরাস পুরোপুরি নষ্ট হয়ে যাবে।’

এছাড়া করোনা টেস্টের সহজ উপায় সম্পর্কে তিনি বলেন, ‘এক মিনিট পর্যন্ত যদি নিঃশ্বাস বন্ধ করে রাখা যায়, তাহলে বুঝতে হবে করোনাভাইরাস নেই।’

একই সঙ্গে এই যোগগুরু আরও জানান, যাদের উচ্চ রক্তচাপ, হৃদ্‌যন্ত্রের সমস্যা বা ডায়াবেটিস রয়েছে, তারা ৩০ সেকেন্ড পর্যন্ত নিঃশ্বাস বন্ধ করে রাখতে পারেন। বয়স্ক ব্যক্তিরাও এই পন্থা মেনে চললে উপকার পাবেন।

পাশাপাশি স্বাস্থ্যবান তরুণ ও যুবক অর্থাৎ যাদের ইমিউনিটি ক্ষমতা বেশি তাদের ১ মিনিট অবধি নিঃশ্বাস বন্ধ করে রাখা উচিত। তার এই সহজ টোটকা যারা করতে পারবেন, রামদেবের দাবি, ধরে নিতে হবে তারা সুস্থ। করোনা তাদের হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত