ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তদের চিকিৎসার জন্য নির্মিত হাসপাতালটি স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তরের জন্য প্রায় প্রস্তুত।
রবিবার আইসিসিবি প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসিম উদ্দিন জানান, স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি দিন নির্ধারণ করে দিলেই হস্তান্তর করে দেওয়া হবে হাসপাতালটি।
তিনি বলেন, আমার তরফ থেকে সব কাজ শেষ, বিশেষ করে ইলেকট্রিফাইং এর কাজ। সামান্য কিছু ‘ফাইন টিউনিং’ এর কাজ বাকি আছে। এর বাইরে তেমন কোনো কাজ নেই। যা আছে তাও একদিনের কাজ। আমরা এবং স্বাস্থ্য প্রকৌশল বিভাগ দিন-রাত কাজ করে যাচ্ছি। এখন এটিকে বুঝে নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, আমরা চাই দ্রুত হস্তান্তর করতে। তারা একটি দিন নির্ধারণ করে দেবেন আমাদের, আজ বা কালকের মধ্যে। সেই দিনেই আমরা হস্তান্তর করব। আমরা আশা করছি, প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটির উদ্বোধন করবেন।
জসিম উদ্দিন আরও বলেন, ইতিমধ্যে প্রায় এক হাজার ৩০০ বেড স্থাপনের কাজ শেষ। বাকিগুলোও এখানেই আছে। একে একে এসেম্বল হয়ে বসে যাবে। আমাদের হল-২ হচ্ছে আইসিইউ। স্বাস্থ্য অধিদপ্তর এখানকার ক্যাবলিংগুলো, এসি, অপারেটিং মডিউল বুঝে নিলেই হবে।
এদিকে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (ঢাকা সিটি বিভাগ) মো. মাসুদুল আলম বলেন, আমাদের কাজ শেষই বলা চলে। বাকি কিছু বেড ছিল, সেগুলোও হাসপাতাল প্রাঙ্গণে চলে এসেছে। বসানো বাকি তাও একদিনের বেশি লাগবে না।
করোনা রোগীদের চিকিৎসার জন্য আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় ৫ হাজার শয্যার হাসপাতাল করার ঘোষণা দেয় দেশের বৃহত্তম এ শিল্পগোষ্ঠী।
