বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা প্রয়াত স্যার ফজলে হাসান আবেদের ৮৪তম জন্মবার্ষিকী আজ সোমবার। দিনটি পালনে এবার কোনো অনুষ্ঠানের আয়োজন করেনি ব্র্যাক। গতকাল রবিবার সংস্থাটির কমিউনিকেশন বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস প্রতিরোধে দেশজুড়ে চলমান ব্র্যাকের সচেতনতা ও দরিদ্রদের খাদ্য সহায়তা কার্যক্রমের মাধ্যমেই সংস্থাটি তার প্রতিষ্ঠাতাকে স্মরণ করবে। এই সহায়তা কার্যক্রমে যুক্ত রয়েছে এক লাখের বেশি স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যকর্মী।
১৯৩৬ সালের ২৭ এপ্রিল তৎকালীন সিলেট জেলার হবিগঞ্জ মহকুমার বানিয়াচংয়ে জন্মগ্রহণ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই উন্নয়নব্যক্তিত্ব। গত বছরের ২০ ডিসেম্বর মৃত্যুর আগে স্যার ফজলে হাসান আবেদের নেতৃত্বে ব্র্যাক বিশে^র সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংস্থায় পরিণত হয়। বাংলাদেশসহ বিশে^র ১১টি দেশে সংস্থাটির লক্ষাধিক কর্মী ১৩ কোটি মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ। একই মাসে দেশে ফিরে সদ্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে ভারত প্রত্যাগত এক কোটি শরণার্থীর ত্রাণ ও পুনর্বাসনে কাজ করার সিদ্ধান্ত নেন।
