ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত বেড়ে প্রায় ২৮ হাজারে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যাও নয়শ’র কাছাকাছি।
সোমবার সকালে দ্য হিন্দু’র লাইভ আপডেটে জানানো হয়, দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত ২৭ হাজার ৮৭১ জন। মারা গেছেন ৮৮১ জন।
এই সময় জানায়, রবিবার সর্বশেষ ২৪ ঘণ্টার হিসেবে ভারতে ১ হাজার ৯৭৫ জন করোনা সংক্রমিত হয়েছে। একদিনে মৃত্যু হয়েছে ৪৭ জনের। দিনটি ছিল একদিনে সর্বাধিক আক্রান্তের রেকর্ড।
অবশ্য আশার কথা শুনিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তিনি জানান, দেশটিতে করোনা থেকে সুস্থ হওয়ার হার ২১ দশমিক ৯০ শতাংশে দাঁড়িয়েছে।
ভারতে আগামী ৩ মে চলতি লকডাউনের মেয়াদ শেষ হতে চলেছে। এর আগে আজ সকালে করোনা পরিস্থিতি নিয়ে প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফের বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
লকডাউন জারি হওয়ার পরে এ নিয়ে তিনবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে চলেছেন নরেন্দ্র মোদি।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতে গত ২৫ মার্চ থেকে প্রথমে ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়। পরে সেটা বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হয়। আরেক দফা বাড়িয়ে সেটা ১৬ মে পর্যন্ত করা হতে পারে আলোচনা রয়েছে।
