সরকারি খরচে ১০ বছরে ৫ লাখ মানুষকে আইনি সহায়তা

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ০৬:১৯ এএম

গত ১০ বছরে ৫ লাখ ৭ হাজার ৪০ জন দরিদ্র-অসহায় মানুষকে বিনা মূল্যে আইনি সহায়তা দিয়েছে সরকার। ২০০৯ সাল থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আইন মন্ত্রণালয়ের অধীন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে এ সহায়তা দেওয়া হয়। একই সময়ে সংস্থাটি ৩৫ কোটি ৩৬ লাখ ১৩ হাজার ৪২২ টাকা দরিদ্র-অসহায় মানুষের ক্ষতিপূরণ বাবদ আদায় করে। গতকাল সোমবার আইন মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন ও বিভিন্ন আর্থসামাজিক কারণে বিচারপ্রাপ্তিতে অসমর্থ জনগোষ্ঠীর আইনি অধিকার নিশ্চিতে তাদের আইনগত সহায়তা প্রদানের উদ্দেশ্যে ২০০০ সালে প্রণয়ন করা হয় আইনগত সহায়তা প্রদান আইন।

সংস্থাটি ১০ বছরে ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩ লাখ ৮৪ হাজার ৮২৩ জনকে, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২০ হাজার ৯২ জনকে, জাতীয় হেল্প লাইন কলসেন্টারের ১৬৪৩০ নম্বরে ফোন কলের মাধ্যমে ৮৩ হাজার ৯১৮ জনকে এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ১৮ হাজার ২০৭ জনকে আইনগত সহায়তা দিয়েছে। একই সময়ে সংস্থাটি ১ লাখ ২৬ হাজার ৪৯২টি লিগ্যাল এইড মামলা নিষ্পত্তি করেছে। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জাতীয় হেল্প লাইন কলসেন্টার (১৬৪৩০) বর্তমানে ২৪ ঘণ্টা খোলা রাখা হয়েছে এবং জনগণকে আইনি পরামর্শ সেবা দেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত