যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাস মোকাবিলায় বেশি বেশি টেস্টের কোনো বিকল্প নেই বলে মত ডা. ডেবোরাহ বারক্সের। তিনি করোনা মোকাবিলায় হোয়াইট হাউসের কোঅর্ডিনর।
সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রে করোনা রোধে বড় আকারে টেস্টের ওপর গুরুত্বারোপ করেছেন ডা.বারক্স। তিনি বলেন, ‘বিপুলসংখ্যক লোকের ওপর আমাদের এখন যুগান্তকারী টেস্ট চালানো প্রয়োজন।’
করোনা মহামারিতে আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ১৪৪ জন। আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছুঁই ছুঁই। এর মধ্যে আরোগ্যের সংখ্যা ১ লাখ ১১ হাজার।
এমন পরিস্থিতিতে প্রত্যেক মার্কিন নাগরিককে টেস্ট করা জরুরি বলে বর্তমান প্রযুক্তি দিয়ে সেটি সম্ভব না বলে মন্তব্য করেছেন ডা. বারক্স।
বারক্সের মতে, অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে বড় আকারে এই কাজটি করা সম্ভব । অন্যান্য ফ্লু এবং স্ট্রিপ পরীক্ষা করতে এই পদ্ধতি ব্যবহৃত হয়।
পিসিআরসহ অন্যান্য করোনা টেস্টে নানা ধরনের রাসায়নিক দ্রব্য ও জিনগত উপাদানের প্রয়োজন হয়। এতে টেস্টের জন্য অনেক বেশি সময় লাগে। প্রয়োজনীয় উপাদানের নিরবিচ্ছিন্ন সরবরাহেরও প্রয়োজন হয়, যা এই পরিস্থিতিতে কঠিনতর হয়ে দাঁড়িয়েছে।
এ ক্ষেত্রে অ্যান্টিজন টেস্টে ১৫ মিনিটেই ফল পাওয়া সম্ভব বলে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা (সিডিসি) জানিয়েছে। মানুষের রক্ত সংগ্রহ করেই অ্যান্টিজেন টেস্ট করা যায় সহজে।
ডা. বারক্সের মতে, প্রত্যেক মার্কিন নাগরিককে স্কুল বা কাজে ফেরত পাঠাতে দ্রুত টেস্ট করাতে হবে। একটি নিউক্লিক এসিড টেস্টের সেই সামর্থ্য নেই। দিনে লাখ লাখ টেস্টের জন্য অ্যান্টিজেনেই ভরসা খুঁজছেন তিনি।
