করোনায় প্লাজমা থেরাপির সাফল্যের প্রমাণ মেলেনি

আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ০৬:২৩ পিএম

‘প্লাজমা থেরাপিতে করোনা চিকিৎসায় সাফল্য পাওয়া গিয়েছে-এমন খবর শোনা গেলেও প্লাজমা থেরাপি এখনো পরীক্ষা নিরীক্ষার পর্যায়েই রয়েছে। এখনো কোনো সাফল্য পাওয়া যায়নি।’ মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য জানায়। আই সিএমআর এই চিকিৎসা পদ্ধতি নিয়ে গবেষণা করছে বলে জানা গেছে। সঠিক প্রয়োগ না হলে এই থেরাপিতে জীবন বিপন্ন হতে পারে বলেও জানিয়েছে তারা।

গত সপ্তাহেই দিল্লি প্লাজমা থেরাপিতে প্রথম সাফল্যের কথা জানায়। সেখানে এক বেসরকারি হাসপাতালে ৪৯ বছর বয়সী এক ব্যক্তিকে এই থেরাপিতে চিকিৎসা করা হয়। সুস্থ হওয়ার পরই সাফল্যের কথা জানানো হয়। এরপর অনেকেই প্লাজমা দান করতে তৎপর হন। মুম্বাইতেও প্লাজমা থেরাপির পরীক্ষা শুরু হয়েছে।

এদিকে, ভারতের দিল্লির করোনা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। সেখানে সংক্রমণ আরও বাড়ছে। ইতিমধ্যেই দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে। মঙ্গলবার সকাল পর্যন্ত দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩১০৮। করোনায় আক্রান্ত হয়ে দিল্লিতে এখনো পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে।

১৩ দিনে করোনা সংক্রমণ দ্বিগুণ হচ্ছে দিল্লিতে। লকডাউন-এলাকা সিল করেও সংক্রমণ কিছুতেই আটকানো যাচ্ছে না। বিশেষজ্ঞদের একাংশ দিল্লিতে গোষ্ঠী সংক্রমণেরও আশঙ্কা করছেন। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে আরও ১৯০ জন নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের যুদ্ধকালীন তৎপরতায় খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে সেখানকার স্বাস্থ্য দপ্তর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত