‘রাজনীতি’খ্যাত চিত্রপরিচালক বুলবুল বিশ্বাস আবারও চিকিৎসা পেশায় ফিরে গিয়েছেন। করোনাকালীন সাধারণ রোগীদের সেবা দেবেন তিনি। প্রায় পাঁচ বছর পর তিনি আবার চিকিৎসা পেশায় ফিরলেন।
দেশ রূপান্তরকে বুলবুল বিশ্বাস বলেন, ‘করোনাভাইরাসের কারণে সমস্ত যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার আগে আমি আমার কুষ্টিয়ার বাড়িতে আসি। তখন দেখছিলাম অনেক রোগী যারা করোনায় আক্রান্ত নন, তারা চিকিৎসা সেবা পাচ্ছেন না। এটা আমাকে বেশ পীড়া দেয়। তখন আমি চিন্তা করি আবারও পেশাদার ডাক্তার হিসেবে প্র্যাকটিস শুরু করার। এমনিতে আমি কিন্তু পরিচিত মহলে রোগী দেখতাম।’
গত এক মাস ধরে কুষ্টিয়ায় অবস্থিত ডাঃ তোফাজ্জুল মেডিকেল সেন্টারে মেডিকেল অফিসার হিসেবে কাজ করছেন বুলবুল বিশ্বাস।
তিনি বলেন, ‘আপাতত করোনাকালীন সময়ে আমি এখানেই প্র্যাকটিস করবো। চেষ্টা করবো একটা মানুষও যেন বিনা চিকিৎসায় মারা না যায়।’
বুলবুল জানান, করোনা দুর্যোগ শেষ হলে আবার নির্মাণকাজে ফিরে যাবেন। পাশাপাশি চিকিৎসা সেবাও দেবেন।
প্রসঙ্গত, ২০০৫ সাল থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত বুলবুল বিশ্বাস। তিনি ২০০৯ সালে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। এরপর ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি নির্মাণের সঙ্গেও যুক্ত থাকেন। ২০১৫ সালে স্যার সলিমুল্ল্যাহ মেডিকেল কলেজ পোস্ট গ্র্যাজুয়েশনরত অবস্থায় নির্মাণ করেন প্রথম চলচ্চিত্র ‘রাজনীতি’।
‘রাজনীতি’র প্রধান চরিত্রে অভিনয় করেন শাকিব খান, অপু বিশ্বাস ও আনিসুর রহমান মিলন। এ ছাড়া তিনি বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়েছেন সামাজিক বিভিন্ন ইস্যুতে। যেগুলো বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ও প্রশংসিত হয়েছে।
