হাসপাতালে বন্দি আনা-নেওয়ার দায়িত্বে থাকা ঢাকা কেন্দ্রীয় কারাগারের ১০ কারারক্ষী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
আক্রান্ত কারারক্ষীদের সবাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দায়িত্ব পালন করতেন।
সাধারণ মানুষের পাশাপাশি চিকিৎসক, নার্স ও পুলিশ সদস্যরাই বেশি করোনায় আক্রান্ত হচ্ছেন। এ তালিকায় এবার উল্লেখযোগ্য সংখ্যক কারারক্ষী যুক্ত হলো।
কারাবন্দিদের মধ্যে করোনা ছড়িয়ে পড়ার উদ্বেগ রয়েছে। এজন্য বিভিন্ন দেশে লঘু অপরাধের কারাবন্দিদের মুক্তি এবং জামিনের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশেও সীমিত সংখ্যক কারাবন্দির মুক্তি-জামিনের বিষয়টি প্রক্রিয়াধীন।
সরকারি হিসাব অনুযায়ী দেশে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ১৫৫ জন। আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪৬২ জন।
