শিমুলিয়া ঘাটে ঢাকাগামী গার্মেন্টসকর্মীদের ঢল

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ০১:৩০ পিএম

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ঢাকামুখী গার্মেন্টস কর্মীদের ঢল নেমেছে।

বুধবার সকালে দক্ষিণবঙ্গের কাঁঠালবাড়ি ঘাট থেকে ফেরি ও ট্রলারে করে হাজার হাজার শ্রমিক পদ্মা পাড়ি দিয়ে আসতে শুরু করে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে।

ট্রলারযোগে আসা হাজারো শ্রমিক শিমুলিয়ার পদ্মারচরে নামানো হচ্ছে। ফেরিগুলোতে তিল পরিমাণ ফাঁকা জায়গা নেই। ফেরিতে গাদাগাদি করেই শ্রমিকরা শিমুলিয়া ঘাটে আসছেন।

উপজেলার মাওয়া নৌফাঁড়ির ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে রো-রো ফেরি শাহ পরান ও ডাম্প ফেরি রামশিং কাঁঠালবাড়ি ঘাট থেকে শিমুলিয়া ঘাটে এসে নোঙর করে।

ফেরি দুটিতে অনুমান পাঁচ সহস্রাধিক যাত্রী ছিল। আর এদের অধিকাংশই ঢাকামুখী গার্মেন্টসকর্মী।

চাকরি বাঁচাতেই ঢাকায় ছুটছেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন গার্মেন্টস কর্মীরা।

image

তিনি আরও জানান, ফেরিগুলোতে কোনো যানবাহন পারাপার করা হচ্ছে না। শুধুই যাত্রী নিয়ে কাঁঠালবাড়ি ঘাট ছেড়ে আসছে শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে। ফেরি ছাড়াও ট্রলারে করে ছুটে আসছেন গার্মেন্টস কর্মীরা। ট্রলারগুলো শিমুলিয়া ঘাটের বাইরে পদ্মার চরে গার্মেন্টস কর্মীদের নামাচ্ছেন। এমনই হাজার হাজার গার্মেন্টস কর্মী দক্ষিণবঙ্গ থেকে ঢাকার অভিমুখে ছুটে আসছেন শিমুলিয়া ঘাটে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বলেন, অনেকক্ষণ পর পর ফেরি আসছে। যানবাহন তেমন নেই। তবে যাত্রীরা ছুটে আসছেন। এদের বেশির ভাগ গার্মেন্টসকর্মী। তবে ফেরির চেয়ে ট্রলারে করে বেশি শ্রমিক ছুটে আসছেন। শ্রমিকবোঝাই করে ট্রলারগুলো ঘাটের বাইরে পদ্মার চরে নোঙর করছে।

এদিকে, শিমুলিয়া ঘাটে আসার পর শ্রমিকরা অটোরিকশা, রিকশা কিংবা সিএনজিতে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। শ্রমিকদের কথা হচ্ছে, কষ্ট যতই হোক, আগে চাকরি বাঁচাতে। তাই ছোট ছোট যানবাহনে চড়ে সড়কে ভেঙে ভেঙে ঢাকায় ছুটছেন তারা। আবার যানবাহনের অভাবে কেউ কেউ হেঁটেই ছুটে যাচ্ছেন ঢাকায়। এতে অবর্ণনীয় দুর্ভোগের কবলে পড়েছেন গার্মেন্টসকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত