করোনায় মৃত ইহুদি ধর্মগুরুর দাফনে বিপুল মানুষ, ক্ষুব্ধ নিউইয়র্কের মেয়র

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ০৪:০৫ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া এক ইহুদি ধর্মীয় গুরুর শেষকৃত্যে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ঘটেছে। এতে সামাজিক দূরত্ব ব্যাহত হয়ে সংক্রমণের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে বলে মত স্থানীয় সংবাদমাধ্যমের। 

বিবিসি জানায়, এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নিউইয়র্কের মেয়র বিল দে ব্লাসিও। বুধবার এক টুইটার বার্তায় তিনি লিখেন, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন ঘটনা মৃত্যুকে আরও বেশি বাড়িয়ে দিতে পারে বলে সতর্ক করেন তিনি।

মঙ্গলবার ওই ধর্মগুরু দাফনে উইলিয়ামসবার্গে অর্থোডক্স ইহুদিদের জমায়েতে বাধা দিয়ে পুলিশ। এরপরেও সেখানে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়। আইন লংঘনকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেন মেয়র ব্লাসিও।

মেয়র বলেন, আমরা গত দুই মাসে অনেককে হারিয়েছি। শোকের জন্য একত্রিত হওয়াটা আমি বুঝি। কিন্তু এত বড় জমায়েত মৃত্যুর সংখ্যা আরও বাড়িয়ে দেবে। আরও বেশি পরিবার শোকার্ত হবে। আমরা কোনোভাবে এটি সহ্য করব না। এই ব্যাপারে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করার জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছি। 

প্রসঙ্গত, করোনায় মৃত ও আক্রান্তের তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র। দেশটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্য। এটির ২৫ শতাংশ মানুষই এখন করোনায় আক্রান্ত। সোমবার নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো এ তথ্য জানান। সেখানে আক্রান্ত হয়েছেন প্রায় ৩ লাখের মতো মানুষ। এর মধ্যে মারা গেছেন সাড়ে ১৭ হাজারের বেশি বাসিন্দা।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত