অবশেষে নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের সরকারি বেতন-ভাতা পাওয়ার পথ খুলেছে।
বুধবার শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে ১৬৩৩টি প্রতিষ্ঠানের অনুকূলে এমপিও কোড বরাদ্দ দিয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।
নিম্ন-মাধ্যমিকের ৪৩০টি, উচ্চ মাধ্যমিকের (কলেজ) ৯২টি, মাধ্যমিক স্তরের ৯৯১টি, স্নাতকের (পাস) ৫২টি এবং উচ্চ মাধ্যমিক স্তরের ৬৮টি স্কুল অ্যান্ড কলেজকে এমপিও কোড দেওয়া হয়েছে।
২০১৯ সালের ২৩ অক্টোবর ২৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করে সরকার। এর আগে ২০১০ সালে এক হাজার ৬২৪টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছিল।
এমপিও বা মান্থলি পেমেন্ট অর্ডারের তালিকাভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা তাদের বেতনের একটি অংশ সরকার থেকে পান।
নিয়মানুযায়ী, এমপিও কোড পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের অনলাইনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে আবেদন করতে হবে। এরপর যাচাই-বাছাই করে তাদের এমপিও কার্যকর করে সরকারি বেতন-ভাতা পাঠানো হবে।
