পটুয়াখালীর বাউফলে ঢাকা থেকে ফেরা এক ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হওয়ায় তার স্বজনরা ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক ও তার স্বামীকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, এ ঘটনার পর মঙ্গলবার সন্ধ্যায় ওই পরিবারের ১০ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেইন্টাইনসহ করোনা পজিটিভ রোগীকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে পাঠানো হয়েছে। ওই বাড়িটিও লকডাউন করা হয়েছে।
তিনি আরও জানান, নমুনা পরীক্ষায় গত সোমবার বিলবিলাস গ্রামের ওই ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট আসায় তার বাড়ি লকডাউন করা হয়। সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য তাদের পরিবারের সদস্যকে করোনা পজিটিভ দেখানো হয়েছে এমন ধারণা থেকে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার বিকেলে ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক মরিয়ম বেগমের স্বামী মো. আনিচকে পেয়ে ওই বাড়ির দুলাল গাজী, ফিরোজ গাজী, রেজাউল গাজী, জাকির গাজী তাকে লাঞ্ছিত করে। খবর পেয়ে মরিয়ম বেগম সেখানে গেলে তাকেও লাঞ্ছিত করা হয়।
এদিকে করোনার উপসর্গ নিয়ে গত সোমবার গলাচিপা উপজেলার চরবিশ্বাসে ইউপি সদস্যের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী, দুই ছেলে ও তাদের স্ত্রী, ইউপি চেয়ারম্যান ও সদস্য এবং স্বাস্থ্যকর্মীসহ ৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
