‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চাপে পড়ে’ জার্মানি তাদের মাটিতে লেবানন প্রতিরোধ সংগঠন ইজবুল্লাহর সমস্ত কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এর জন্য ইউরোপের দেশটিকে অনেক ভুগতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান।
বৃহস্পতিবার ইরানি মদদপুষ্ট শিয়াগোষ্ঠী হিজবুল্লাহকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে উল্লেখ করে নিজেদের দেশে তাদের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করে জার্মান সরকার। এই সশস্ত্র গ্রুপের উপস্থিতি আছে এমন মসজিদ ও সংগঠনগুলোতে অভিযান চালায় জার্মানির পুলিশ ও বিশেষ বাহিনীর সদস্যরা।
জার্মান সরকারের এমন সিদ্ধান্ত নেওয়ার পর রাত পার হতেই তাদের উদ্দেশে কড়া ভাষায় বিবৃতি দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, হিজবুল্লাহ সংগঠনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞায় ‘পশ্চিম এশিয়ার বাস্তবতা’ মানা হয়নি।
ইসলামিক প্রজাতন্ত্র ইরান বলছে, ‘ইহুদিবাদ ও বিভ্রান্ত আমেরিকার প্রোপাগান্ডা’ ওপর ভিত্তি করেই এই সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। লেবানন, দেশটির সরকারের অংশ হিজবুল্লাহকে হেয় করা এই সিদ্ধান্ত কঠোরভাবে নিন্দা জানাচ্ছে ইরান।
“এটা সরকার, লেবানন জাতি; দেশটির সরকার, পার্লামেন্টের আনুষ্ঠানিক ও বৈধ অংশ হিজবুল্লাহর প্রতি সম্পূর্ণ অসম্মান।”
ইরানের দাবি, এই অঞ্চলে ইসলামিক স্টেট- আইএস’র কার্যক্রমের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে হিজবুল্লাহ।
“এই অঞ্চলে সত্যিকারের সন্ত্রাসবাদী গ্রুপগুলোর বিরুদ্ধে লড়াইয়ে থাকাদের ওপর এই নিষেধাজ্ঞার কারণে জার্মান সরকারকে অবশ্যই নেতিবাচক ফল ভোগ করতে হবে।”
লেবাননে গৃহযুদ্ধের সময় ১৯৮২ সালে হিজবুল্লাহ প্রতিষ্ঠিত হন। ২০০৬ সালে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধেও জড়ায় তারা। এই সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক ইরান।
