করোনা পরিস্থিতিতে কুমুদিনী হাসপাতালের টেলিমেডিসিন স্বাস্থ্যসেবা শুরু

আপডেট : ০২ মে ২০২০, ০৩:০৭ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সমন্বয়ে মেডিকেল টিম গঠন করে কমিউনিটি পর্যায়ে সাধারণ রোগীদের টেলিমেডিসিন স্বাস্থ্যসেবা প্রদান শুরু করেছে কুমুদিনী হাসপাতাল কর্তৃপক্ষ।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে হাসপাতাল কর্তৃপক্ষ এই কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।

শনিবার সকাল থেকে লতিফপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই টেলিমেডিসিন স্বাস্থ্যসেবা শুরু করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন লতিফপুর ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন, কুমুদিনী হাসপাতালের প্রকল্প বিষযক কর্মকর্তা মো. আব্দুল হাই, আইটি কর্মকর্তা মো. আলমগীর হোসেন প্রমুখ।

মেডিকেল ক্যাম্পের খবর পেয়ে সকাল থেকেই ইউপি চত্বরে বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক নারী-পুরুষ-শিশু সমবেত হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে দিনব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রম চলে।

স্বাস্থ্যসেবা নিতে আসা গোড়াকী গ্রামের চর্মরোগী আব্দুস সামাদ বলেন, লকডাউনের কারণে প্রয়োজন থাকা সত্ত্বেও হাসপাতালে যেতে পারছিলাম না। এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অনেক উপকার হল।

মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসা যোগীরকোফা গ্রামের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সামিয়া জানায়, ঠান্ডা জ্বর সমস্যা হয়েছে। গাড়ি চলে না বলে তার মা হাসপাতালে নিয়ে যেতে পারেনি। ডাক্তার দেখাতে পেরে তার ভালো লাগছে বলে সে জানায়।

লতিফপুর গ্রামের সবুজ মিয়া বলেন, ক্যাম্পে চিকিৎসা নিয়ে উপকার হল।

লতিফপুর ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, করোনা পরিস্থিতিতে গ্রামের মানুষ হাসপাতালে যেতে পারছে না। এই সময় কুমুদিনী হসপাতালের এই উদ্যোগ প্রশংসার দাবিদার।

এদিকে শুক্রবার বিকেলে হাসপাতালের লাইব্রেরিতে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল হালিম সংবাদ সম্মেলনের মাধ্যমে টেলিমেডিসিন স্বস্থ্যসেবা বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন।

এ সময় কুমুদিনী হাসপাতালের সহকারী পরিচালক ডা. এ বি এম আলী হাসান, সহকারী মহাপরিচালক অনিমেষ ভৌমিক, মেট্রন সিস্টার দিপালী পেরেলা উপস্থিত ছিলেন।

এ সময় তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণের এই সময়ে সাধারণ রোগী যাদের চিকিৎসাসেবা প্রয়োজন তারাও সংক্রমণের ভয়ে হাসাপাতালে আসতে ভয় পাচ্ছেন। উপরন্তু লকডাউনে যানবাহনের অভাবে হাসপাতালে রোগীদের আসা-যাওয়ার ক্ষেত্রেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

এতে সংকটাপন্ন রোগী যেমন গর্ভবতী মা যাদের নিয়মিত চিকিৎসার প্রয়োজন তারাও হাসপাতালে আসতে পারছেন না।

এই সংকটকালে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল ক্যাম্প স্থাপন করে বিভিন্ন এলাকায় রোগীদের টেলিমেডিসিন স্বাস্থ্যসেবা দেবে। এ জন্য যাদের চিকিৎসাসেবা প্রয়োজন তাদের চিকিৎসা সেবার নিমিত্তে ২জন ডাক্তার, ২জন নার্স ও ২জন স্বাস্থ্যকর্মীর সমন্বয়ে মেডিকেল টিম গঠন করা হয়েছে। বর্তমানে এ রকম ২টি মেডিকেল টিম মির্জাপুর উপজেলার ১৪টি ইউনিয়নে একাধিক স্থানে ক্যাম্প স্থাপন করে বিনামূল্যে চিকিৎসাসেবা দেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত