পণ্য পরিবহনে রেলে ৫০ লাগেজ ভ্যান আমদানি হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, শীতাতপ নিয়ন্ত্রিত এসব লাগেজে মাছ, মাংস, ডিম, দুধ, শাক, সবজিসহ বিভিন্ন পণ্য পরিবহন করা যাবে। গতকাল শনিবার দুপুরে মন্ত্রী তার নির্বাচনী এলাকা পঞ্চগড়ের দেবীগঞ্জ সরকারি কলেজ মাঠে দরিদ্র-অসহায় মানুষদের মধ্যে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, ত্রাণ বিতরণে যেন অনিয়ম না হয়। একই ব্যক্তি যেন বারবার ত্রাণ না পান সেটি খেয়াল রাখতে হবে। করোনা সংক্রমণের এ সময়ে প্রধানমন্ত্রী সাধারণ মানুষ নিয়ে খুব উদ্বিগ্ন। তিনি চান কোনো মানুষও যেন অভুক্ত না থাকে। মধ্যবিত্ত যারা হাত পাততে পারেন না, তাদেরও প্রধানমন্ত্রী ত্রাণ দিতে বলেছেন। তিনি বলেন, এই বিপদের দিনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বাস্থ্য নির্দেশনা মেনে চলতে হবে যেন করোনা ছড়িয়ে না পড়ে।
মন্ত্রী বলেন, যোগাযোগ বন্ধ ছিল, গণপরিবহন বন্ধ ছিল। আমরা আমাদের যাত্রীবাহী ট্রেনগুলো বন্ধ করেছিলাম। কিন্তু মালবাহী ট্রেন চালু করা হয়েছে। এখন থেকে আমরা টমেটো, পেঁয়াজ, রসুন, আদাসহ সব পণ্য লাগেজ ভ্যানের মাধ্যমে পরিবহনের ব্যবস্থা নিয়েছি, যাতে দেশের কোথাও নিত্যপণ্যের সংকট না হয়। সরকারের সিদ্ধান্ত ছাড়া যাত্রীবাহী ট্রেন চালুর সুযোগ নেই।
