রাজধানীর ধানমন্ডির শংকরে নিবেদিকা ছাত্রী হোস্টেলে ভাড়া দিতে না পারায় পানি ও বিদ্যুৎ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বলে ভবন মালিকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। ওই ছাত্রী তিতুমীর কলেজের। গণপরিবহন বন্ধ থাকায় হোস্টেলে আটকা পড়ে বিপাকে পড়েছেন তিনি। এ অবস্থায় খবর পেয়ে হাজারীবাগ থানা পুলিশের তৎপরতায় বিদ্যুৎ লাইন চালু করলেও গতকাল সন্ধ্যা পর্যন্ত পানি বিচ্ছিন্ন ছিল।
হাজারীবাগ থানার ওসি ইকরামুল আলী মিয়া বলেন, ‘হোস্টেলে পুলিশ পাঠিয়ে বিদ্যুৎ লাইন চালু করা হয়েছে। পানির লাইন চালু করার ব্যাপারে বাড়ির মালিকের সঙ্গে পুলিশ যোগাযোগের চেষ্টা করছে।’ এ বিষয়ে জানতে হোস্টেলের ম্যানেজারের মোবাইল নম্বরে ফোন করলে বন্ধ পাওয়া গেছে। বাড়িওয়ালাকেও ফোন করে পাওয়া যায়নি। ভুক্তভোগী ওই ছাত্রী বলেন, ‘হোস্টেল কর্তৃপক্ষকে ফোন করলেও কেউ ফোন রিসিভ করেনি।’
