হাজিরা কাটার ভয় দেখিয়ে মে দিবসেও কাজে যোগ দিতে বাধ্য করার অভিযোগ তুলেছেন অভিনেতা অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা। পরে শ্রমিকরা ঢাকা-মানিকগঞ্জ মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেন। গত শুক্রবার দুপুরে হেমায়েতপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, তিন দিনের হাজিরা কাটার ভয় দেখিয়ে শুক্রবার মে দিবসের সরকারি ছুটির দিনেও তাদের কাজে যোগদান করতে বাধ্য করেছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে এজেআই গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অনন্ত জলিলের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে গ্রুপের প্রধান মানবসম্পদ কর্মকর্তা জাহিদুল হাসান মীর জানান, পিপিই তৈরির জন্য শ্রমিকদের শুক্রবার কারখানায় আসতে বলা হয়েছে। পরে শ্রমিকরা কাজ করতে না চাওয়ায় কারখানায় ছুটি ঘোষণা করা হয়। তার এ বক্তব্যকে মিথ্যা দাবি করে শ্রমিকরা বলেন, ‘আপনারা কারখানার ভেতরে গিয়ে দেখেন পিপিই নয় আমাদের দিয়ে গেঞ্জি ও প্যান্ট বানানো হচ্ছিল।’
