সাজেকে আহত যুবককে হেলিকপ্টারে চমেকে নিল সেনাবাহিনী

আপডেট : ০৪ মে ২০২০, ০৫:০৮ এএম

রাঙ্গামাটির সাজেক ইউনিয়নের জপুইপাড়া থেকে যতীন ত্রিপুরা (৩৩) নামে এক যুবককে উন্নত চিকিৎসার জন্য সেনা ও বিজিবির সহায়তায় বিমানবাহিনীর হেলিকপ্টারযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল রবিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর আরও জানায়, গত ২৯ এপ্রিল জুম চাষের সময় উঁচু পাহাড় থেকে পড়ে বাঁশের আঘাতে মারাত্মক জখম হন যতীন। দুর্গম এই এলাকায় চিকিৎসার অভাবে তাকে প্রাথমিকভাবে জপুই বিওপিতে নেওয়া  হলে বিজিবি ক্যাম্প কর্র্তৃক তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় বিজিবি কর্র্তৃক বিষয়টি খাগড়াছড়ি সেনা রিজিয়নকে জানানো হয়। পরবর্তী সময়ে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমানের নির্দেশে সেনাবাহিনীর তত্ত্বাবধানে হেলিকপ্টারের মাধ্যমে আহত ব্যক্তিকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে বিমানবাহিনী জহুর ঘাঁটির একটি বিশেষ হেলিকপ্টারে করে যতীনকে প্রথমে চট্টগ্রাম সেনানিবাস এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত