করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বৈশ্বিক তেলের বাণিজ্যে বিশাল ধাক্কা লেগেছে। ধাক্কাটা এতই বড় যে এক ব্যারেল তেলের দাম মাত্র ১১ ডলারে এসে নেমেছে। তেলের দাম কমায় বিশ্বের উন্নত দেশগুলোর অর্থনীতির বারোটা বাজার অবস্থা। কিন্তু তেলের দাম কমার সুযোগ নিয়ে এর মজুদ করছে এশিয়ার কিছু দেশ। তেলের এই মজুদকে বলা হচ্ছে পরবর্তী সময়ের কৌশলগত রাজনীতির অংশ।
জ্বালানির অপ্রত্যাশিত বিঘ্নকালে চলার জন্য সরকারগুলো জ্বালানি তেলের মজুদ করছে সংরক্ষণাগারে। যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মতো উন্নত দেশগুলো ১৯৭০ সালের পর বিশাল সব তেলের সংরক্ষণাগার তৈরি করে। ১৯৭৩ সালে ইসরায়েল ও আরব বিশ্বের মধ্যকার যুদ্ধের সময় ওই সংরক্ষণাগারগুলো ভর্তি হয়।
এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সবচেয়ে বড় তেলের মজুদ চীনের। এই মজুদের পরিমাণ কতটা তা পেইচিং আনুষ্ঠানিকভাবে না জানালেও বিশ্লেষকদের মতে, এর পরিমাণ ৫৫০ মিলিয়ন ব্যারেল। সম্প্রতি চীনের ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন এক বিবৃতিতে জানায়, দেশে তেলের মজুদ পর্যাপ্ত নয়। আন্তর্জাতিক ৯০ দিনের নিরাপত্তা লাইনের মানে এখনো দেশটি পৌঁছাতে পারেনি।
তেলের কৌশলগত মজুদের বিরাট অংশই মাটির নিচে করা হয়। প্রাকৃতিক শিলা গুহাগুলোকেই মূলত এই মজুদের আদর্শ স্থান বিবেচনা করা হয়। এর বাইরে কৃত্রিমভাবে মজুদাগার তৈরি করা একদিকে যেমন ব্যয়বহুল, অন্যদিকে সঠিক জায়গা খুঁজে বের করাও মুশকিল। এশিয়ায় ভারত শিলা গুহায় তেলের মজুদ করে। কিন্তু জাপান কৃত্রিমভাবে বানানো ট্যাঙ্কারে রাখে তেল।
তেলের দাম কমার সুযোগ নিয়ে অস্ট্রেলিয়া মজুদ করা শুরু করছে। দেশটির মজুদের জায়গা কম থাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির আওতায় দেশের বাইরে তেল মজুদ করতে শুরু করেছে অস্ট্রেলিয়া। গত মাসে চীনের সিনোপেক পেট্রোলিয়াম রিজার্ভকে বাড়তি মজুদ সক্ষমতা বাড়াতে নির্দেশ দিয়েছে সাংহাই ইন্টারন্যাশনাল এনার্জি এক্সচেঞ্জ। গত ১৫ এপ্রিল ভারতের জ্বালানি মন্ত্রণালয় এক টুইটবার্তায় জানায়, তারাও তেলের মজুদ করতে অপরিশোধিত তেল কিনতে শুরু করেছে। জাপান ও দক্ষিণ কোরিয়া কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও দেশ দুটি প্রতি বছরই তেলের সংরক্ষণাগারের আয়তন ১ শতাংশ করে বৃদ্ধির দীর্ঘমেয়াদি পরিকল্পনায় চলছে।
বিশ্লেষকরা মনে করছেন, এশিয়ার যে দেশগুলো তেলের বাড়তি মজুদ করছে, তারা করোনা-পরবর্তী সময়ে অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে ওই তেলকে ব্যবহার করবে। তবে যদি দীর্ঘমেয়াদে তেলের দাম কম থাকে, তবে এই মজুদ বুমেরাং হয়ে দেখা দিতে পারে দেশগুলোর জন্য।
