রানা থাকলে আমরা আরো অনেক ম্যাচ জিততাম: মাশরাফী

আপডেট : ০৫ মে ২০২০, ০২:২৯ এএম

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা বলেছিলেন, মানজারুল ইসলাম রানা বেঁচে থাকলে বাংলাদেশ আরো অনেক ম্যাচ জিতত।

‘রানা ছেলেটা ছিল অসাধারণ। আলটিমেটলি ওর চলে যাওয়া আমাদের জন্য অনেক বড় ক্ষতি।’- সোমবার তামিম ইকবালের সঙ্গে ফেইসবুক লাইভে অকাল প্রয়াত মানজারুল ইসলাম রানাকে নিয়ে এসব কথা বলেন মাশরাফী।

দারুণ সম্ভাবনাময় ব্যাটিং অলরাউন্ডার ছিলেন রানা। বাঁহাতি স্পিনের সঙ্গে লেট অর্ডারে ব্যাটিং। খুলনার তরুণকে দেশের ক্রিকেটের বড় সম্পদ বলতেন তখনকার কোচ ডেভ হোয়াটমোর। কিন্তু মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাত্র ২২ বছর বয়সেই পরপারে পারি জমান রানা।

৬ টেস্ট আর ২৫ ওয়নডে খেলা রানার জন্মদিন ছিল ৪মে। এদিনই ফেইসবুকে মাশরাফী ও তামিমের এই আড্ডা। যদিও এই দুইয়ের মিলটা কাকতালীয় ভাবেই।

তবে আড্ডার শুরুতেই আসে ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ প্রসঙ্গ। যে ম্যাচের ঠিক আগের দিন (১৬ মার্চ) রানার মৃত্যু হয়। বন্ধু রানার জন্য সেদিন ভারতের বিপক্ষে জিততে চেয়েছিল গোটা বাংলাদেশ দল। সেটা হয়েছেও

সেই কথাগুলো উল্লেখ করে মাশরাফী বলেন, ‘আমি তো ওর রুমমেট ছিলাম ইংল্যান্ডে। রানা, আমি, নাফিস, সব একসঙ্গে খেতে যেতাম। আমি রানার রুমে ঘুমাতে যেতাম। রানার একটা অভ্যাস ছিল ও রুমে এক ফোটা আলো থাকলেও ঘুমাতে পারতো না। তো আমি যতক্ষণ পর্যন্ত না ঘুমাতাম ও আমার জন্য বসে থাকত। আমি যখন ঘুমিয়ে যেতাম, ও অন্ধকার করে ঘুমিয়ে যেত।’

রানার চলে যাওয়া দেশের ক্রিকেটের বড় ক্ষতি উল্লেখ করে মাশরাফী বলেন, ‘সাকিব (সাকিব আল হাসান) যখন আসল, রানাও যদি থাকত, বাঁহাতি স্পিনার দুইটা থাকলে আমরা আরো অনেক ম্যাচ জিততাম। এটা আমার বিশ্বাস।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত