রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ভারতীয় শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ০৫ মে ২০২০, ০৫:১১ এএম

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ভারতীয় শ্রমিকরা দেশে ফেরাসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন। গতকাল সোমবার সকাল ৯টার দিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে বিক্ষোভে শ’চারেক শ্রমিক অংশ নেন। তারা মানসম্মত খাবার, ৯ দিনের মজুরি ও ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় লকডাউনের মধ্যেই ভারতে ফিরে যেতে চান। এ সময় তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় ৩ কিলোমিটার পথ পায়ে হেঁটে জিরো পয়েন্টের কাছাকাছি চলে যান তারা। পরে স্থানীয় প্রশাসন তাদের কেন্দ্রে ফিরিয়ে নিয়ে যায়।

গতকাল বিকেল সোয়া ৩টার দিকে বাগেরহাটের জেলা প্রশাসক মামুনুর রশিদ ও পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় তাদের কেন্দ্রের ভেতরে নিয়ে গিয়ে তাদের মধ্য থেকে ৫ জন ও সংশ্লিষ্ট অন্যদের নিয়ে আলোচনায় বসেন। বিকেল সাড়ে ৪টায় বৈঠক শেষ হয়। বৈঠকে শ্রমিকদের বকেয়া ৯ দিনের বেতন পরিশোধ, যে কয়দিন শ্রমিকরা সেখানে থাকবেন তাদের ভালো খাবার পরিবেশন ও স্বল্প সময়ে তাদের ভারতে যাওয়ার সুযোগ করে দেওয়ার সিদ্ধান্তে আন্দোলনরত শ্রমিকরা শান্ত হন। 

এ বিষয়ে বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, শ্রমিকদের দাবির বিষয়টি সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ মেনে নিয়েছে। ফলে শ্রমিকরা তাদের ব্যারাকে ফিরে গেছেন। এ ছাড়া যারা ভারতে চলে যেতে যান দ্রুত সময়ের মধ্যে তাদের পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত বিদেশি রয়েছেন ১৮০২ জন। এর মধ্যে চীনা ২১ জন ও ১৩৪৪ জন ভারতীয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত