যুক্তরাষ্ট্রে মৃত্যু ‘জুনেই ১ লাখ ছাড়াবে’

আপডেট : ০৫ মে ২০২০, ১০:০৮ এএম

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছেন, করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে মৃত্যু এক লাখ ছাড়াতে পারে। পরিস্থিতি যেভাবে এগুচ্ছে তাতে এই সংখ্যা স্পর্শ থেকে দেশটি খুব বেশি দূরে নেই বলে জানিয়েছেন গবেষকরা। তাদের দাবি, আগামী মাসেই করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ১ লাখে পৌঁছাতে পারে।

কভিড-১৯ এ মৃত্যু ও আক্রান্তের দিক থেকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি অনেক আগে থেকেই শীর্ষে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৬৮ হাজার; আক্রান্তের সংখ্যা এগিয়ে যাচ্ছে ১২ লাখের দিকে। এপ্রিলের শুরু থেকেই দেশটিতে প্রতিদিন গড়ে নতুন আক্রান্তের সংখ্যা ৩০ হাজার!

হোয়াই হাউস বলছে করোনায় যুক্তরাষ্ট্রে ১ লাখ থেকে ২ লাখ ৪০ হাজার মানুষের প্রাণহানী হতে পারে। এরপরও অর্থনীতি পুনরুদ্ধার ও নভেম্বরে আসন্ন নির্বাচনে জনপ্রিয়তা ধরে রাখতে লকডাউন শিথিলের পথে হাঁটছে ট্রাম্প প্রশাসন।

ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ভেতরকার এক প্রতিবেদন উদ্বৃত করে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মে মাসের মাঝামাঝি থেকে যুক্তরাষ্ট্রের সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে।

তারা বলছে, মে মাসের মাঝামাঝি থেকে জুনের শুরু পর্যন্ত দেশটিতে প্রতিদিন নতুন আক্রান্তের সংখ্যা ২ লাখ পর্যন্ত উঠতে পারে! আর দৈনিক মৃত্যু দাঁড়াতে পারে ৩ হাজার জন! তাই হলে জুনের শুরুতেই যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ১ লাখ ছাড়িয়ে যাবে।

তবে ব্যাপারটা এমন নয় যে, লকডাউন উঠিয়ে নেওয়ার কারণে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়বে। গবেষকরা বলছেন, এই ধরনের মহামারির ধরণটাই এমন। একটা পর্যায়ে আক্রান্ত বা মৃত্যু পরিসংখ্যানের সর্বোচ্চ মাত্রায় পৌঁছাবেই।

ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের বায়োস্ট্যাস্টিকসের সহযোগী অধ্যাপক নিকোলাস রিচ এএফপিকে বলেন, “আমার ব্যক্তিগত অনুমান আমরা জুনের শুরুর দিকেই মৃত্যুতে ১ লাখে পৌঁছাব।”

করোনা নিয়ে রিচের ল্যাবে যুক্তরাষ্ট্রের করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে বিভিন্ন মডেলে তথ্য-উপাত্তের বিশ্লেষণ হয়েছে। তাতে বলা হয়েছে, ২৩ মে’র মধ্যে দেশটিতে মৃত্যুর সংখ্যা ৯০ হাজার ছাড়িয়ে যেতে পারে!

মোবাইল ফোন অ্যাপ ও অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে তথ্য-উপাত্ত সংগ্রহ করে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভ্যালুয়েশনের (আইএইচএমই) অনুমানও একই রকম। তারা জানিয়েছে, ৪ আগস্টের মধ্যে করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা দাঁড়াবে ১ লাখ ৩৪ হাজার। আর ২১ মে’র দিকে ১ লাখ ছাড়িয়ে যাবে।

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলোজি বলছে, ১ জুনের দিকে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা দাঁড়াবে ১ লাখ ১৩ হাজার। এমন অন্তত গবেষণার নয়টি মডেলেও পূর্বাভাস দেওয়া হয়েছে, জুনের দিকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা ১ লাখ ছাড়াবে!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত