আকস্মিক বন্যার আশঙ্কা মাথায় নিয়ে করোনাভাইরাস (কভিড-১৯) মহামারিতে শ্রমিক সংকটের মধ্যেই দেশের হাওর অঞ্চলের ৯০ দশমিক ০২ শতাংশ ধান কৃষকরা কেটে ইতোমধ্যে ঘরে তুলেছেন।
মঙ্গলবার সচিবালয় থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এ জানিয়েছেন।
তিনি বলেন, হাওর অঞ্চলে এবার ৪ লাখ ৫৪ হাজার ৩৯৯ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছিল। এর মধ্যে ৪ লাখ ৯০৬ হেক্টর জমির ধান কাটা শেষ হয়েছে। হাওরে আবাদ হওয়া ধানের ৯০ দশমিক ০২ শতাংশ কাটা শেষ হয়েছে।
এছাড়া সারা দেশে আবাদ হওয়া ২৫ শতাংশ বোরো ধান কাটা শেষ হয়েছে বলেও জানান কৃষিমন্ত্রী।
তিনি আশা করছেন, জুন মাসের মাঝামাঝি সময়ের মধ্যে দেশের সমতল ভূমির ধান কাটাও শেষ হবে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে সরকার গত ২৬ মার্চ থেকে সব অফিস আদালত বন্ধ রেখেছে। সারা দেশে সব ধরনের যানবাহন চলাচলও বন্ধ।
গণপরিবহন বন্ধ থাকায় এবং কভিড-১৯ এর সংক্রমণ এড়াতে বেশিরভাগ মানুষ ঘরে থাকায় হাওর অঞ্চলের ধান কাটার শ্রমিক সংকট দেখা দেয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিকদের ধান কাটতে হাওর এলাকায় পাঠানো হয়।
