করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষাবাদ গ্রামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত মধ্যরাতে ওই শিশুর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেজাউল করীম।
তিনি জানান, শিশুর চাচা করোনায় আক্রান্ত। এতে বাড়িটি লকডাউনে ছিল। এ অবস্থায় করোনা আক্রান্ত ওই চাচার ভাতিজা তথা শিশুর মৃত্যুর হয়।
করোনা আক্রান্ত চাচা মোবাইল ফোনে দেশ রূপান্তরকে জানান, তার ভাতিজা বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন। তাদের বাড়িও লকডাউনে ছিল। এ অবস্থায় সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার ভাতিজার মৃত্যু হয়।
খবর পেয়ে ঢাকা থেকে ইসলামিক ফাউন্ডেশনের লোকজন এসে মঙ্গলবার দুপুরে ভাতিজার দাফন সম্পন্ন করে। দাফনের আগে তার ভাতিজার নমুনা সংগ্রহ করে বলে জানিয়েছেন করোনা আক্রান্ত চাচা।
