করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনে কারণে স্পেনে কর্মহীনদের সংখ্যা বেড়েছে ব্যাপক হারে। পর্যটননির্ভর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশটিতে শুধু এপ্রিল মাসেই বেকারের সংখ্যা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮২ হাজারের বেশি!
মঙ্গলবার দেশটির শ্রম মন্ত্রণালয় এমন উদ্বেগজনক পরিসংখ্যানই প্রকাশ করল। মার্চ মাসে দেশটিতে বেকারের সংখ্যা দাঁড়িয়েছিল রেকর্ড ৩ লাখ। ইউরো জোনের চতুর্থ সর্বোচ্চ অর্থনীতির দেশটিতে এই নিয়ে বেকারের সংখ্যা ৩৮ লাখে পৌঁছেছে।
মার্চের শেষ দিকে, ন্যাশনাল স্ট্যাটিসটিকস ইনস্টিটিউট-আইএনই জানিয়েছিল, স্পেনে কর্মহীনদের সংখ্যা প্রায় ৩৩ লাখ।
প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ রোধে ১৪ মার্চ থেকে লকডাউনে স্পেন। এর ধাক্কা বেশি লেগেছে দেশটির পর্যটন খাতে। পর্যটক টানার দিক থেকে শীর্ষে থাকা ফ্রান্সের পরেই স্পেনের অবস্থান। করোনার কারণে সবচেয়ে বেশি বেকার হয়েছেন এই খাতে জড়িত সেবাদানকারী ও চুক্তিভিত্তিক কর্মজীবীরা।
মন্ত্রণালয়ের তথ্য-উপাত্ত বলছে, স্পেনে বেকারের সংখ্যা ১৩৭ শতাংশ বেড়ে ৫২ লাখে পৌঁছাতে পারে, যা তাদের ইতিহাসে সর্বোচ্চ।
করোনায় আক্রান্ত ইউরোপের দেশগুলোর মধ্যে অন্যতম স্পেন। আক্রান্তের তালিকায় দ্বিতীয়স্থানে আছে তারা, ২ লাখ ১৮ হাজার। মৃত্যুর সংখ্যা ২৫ হাজার ৪০০।
