চিকিৎসাসেবা না পেয়ে সাতক্ষীরা সদর হাসপাতালের বাইরে সন্তান প্রসবের ঘটনায় ঋষি পরিবারের ওই নারীর বাড়িতে গিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে দুঃখপ্রকাশ করেছেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। একই সঙ্গে এ ঘটনা তদন্তে পৃথক কমিটি গঠন করা হয়েছে।
জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমের খবর দেখে আজ (গতকাল) শিমুলী রানী দাসীর বাড়িতে যাই।
এ সময় পরিবারটির হাতে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা এবং নবজাতকের খাদ্য ও মায়ের জন্য পুষ্টি সহায়ক খাবার কেনার জন্য খুলনা বিভাগীয় কমিশনারের পক্ষে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।’ তিনি আরও বলেন, ‘এমন অনাকাক্সিক্ষত ঘটনার জন্য আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করেছি।’
এদিকে স্বাস্থ্যসেবার সার্বিক অবস্থা পর্যালোচনার জন্য সাতক্ষীরার জেলা প্রশাসক গতকাল জরুরি সভা করেন। এ বিষয়ে জেলা সিভিল সার্জন মো. হুসাইন শাফায়াত জানান, প্রসূতিকে সেবাবঞ্চিত করার বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যের এবং স্বাস্থ্য বিভাগ আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে।
গত শুক্রবার সকালে সদর হাসপাতালের জরুরি বিভাগের বাইরে ভ্যানের ওপর সন্তান প্রসব করেন সদর উপজেলার মাছখোলা ঝুটিতলা ঋষিপাড়ার গৃহবধূ শিমুলী রানী। স্বজনদের অভিযোগ, তিন ঘণ্টা ধরে অনুনয়-বিনয় করেও কোনো চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীর মন তারা টলাতে পারেননি। শেষমেশ ভ্যানের ওপরই কাপড় ঘিরে ডেলিভারি করাতে বাধ্য হন তারা।
