মমতাকে ‘উৎখাতের’ ডাক দিয়ে টুইট বাবুল সুপ্রিয়র

আপডেট : ০৬ মে ২০২০, ০৮:০২ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ (কভিড-১৯) এবং মৃত্যুর তথ্য নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের পরস্পর বিরোধী অবস্থানের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাতের ডাক দিলেন রাজ্যের বিজেপি নেতা ও মন্ত্রী বাবুল সুপ্রিয়।

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গণতান্ত্রিক ভাবে উৎখাতের ডাক দিয়ে মন্ত্রী বাবুল সুপ্রিয় টুইট করেন।

টুইটে তিনি লেখেন, বাংলার মানুষের হিতে যদি কাউকে গণতান্ত্রিক ভাবে উৎখাত করতে হয়, তিনি হলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক প্রধান হয়েও বাংলার মানুষের বিশ্বাসের সঙ্গে প্রতারণা করেছেন তিনি।

এদিকে, মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব লব আগরওয়াল একদিনে সর্বাধিক সংক্রমণের দায় নাম না করে পশ্চিমবঙ্গের ওপর চাপিয়েছিলেন। তিনি দাবি করেন, রোগের তথ্য জানানোয় কিছু রাজ্যের খামতি থেকে গিয়েছিল। সেগুলো সংশোধন করে নতুন তথ্য হাতে আসতেই সার্বিকভাবে আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে গিয়েছে। যদিও এই ‘কিছু রাজ্য’ আদতে কোন কোন রাজ্য খোলসা করেননি স্বাস্থ্য সচিব।

তবে অনেকেরে ধারণা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের তির পশ্চিমবঙ্গের দিকেই। যদিও, রাজ্য সরকার অভিযোগ অস্বীকার করে বলেছে, কোনও তথ্য গোপন করা হচ্ছে না। এখানে ১০ লাখে ১৪ জন সংক্রমিত। আর মৃত প্রতি ২০ লাখে ৩ জন।

সূত্র: এনডিটিভি বাংলা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত