গাজীপুর-২ আসনের সাবেক সাংসদ, মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা আহসান উল্লাহ মাস্টারের ১৬তম শাহাদাতবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে ঢাকা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী বিতরণ, কোরআন পাঠ ও মসজিদে মসজিদে দোয়া মাহফিলের কর্মসূচি নেওয়া হয়েছে। এছাড়া পরিবারের পক্ষ থেকে নগরীর হায়দরাবাদ গ্রামে প্রয়াতের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, শ্রদ্ধা নিবেদন, কালো ব্যাচ ধারণ, মিলাদ মাহফিল ও ইফতার বিতরণও রয়েছে।
এদিকে প্রয়াত নেতার শাহাদাতবার্ষিকী উপলক্ষে গত মঙ্গল ও বুধবার গাজীপুরের কর্মহীন, হতদরিদ্র, অসহায় ও বিভিন্ন পেশাজীবীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ‘শহীদ আহসান উল্লাহ মাস্টার ফাউন্ডেশন’ ও ‘শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদ’-এর পক্ষে ১০ হাজার পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেন আহসান উল্লাহ মাস্টারের ছেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এ সময় প্রয়াত বাবার আত্মার শান্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চান তিনি। রাসেল জানান, করোনা পরিস্থিতির কারণেই এ বছর আলোচনাসভা বা গণজমায়েতের কোনো অনুষ্ঠান রাখা হয়নি।
