কুষ্টিয়ায় গ্রামবাসীর সংঘর্ষ যুবক নিহত, আহত ৫

আপডেট : ০৭ মে ২০২০, ০২:০৫ এএম

কুষ্টিয়ার দৌলতপুরে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে শামীম মালিথা (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। গত মঙ্গলবার বিকেলে স্থানীয় রিফায়েতপুর ইউনিয়নের হরিনগাছী মালিথাপাড়া গ্রামে ওই সংঘর্ষ হয়।

নিহত শামীম মালিথা একই এলাকার মেহের বক্স মালিথার ছেলে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রিফায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু জানান, হরিনগাছী মালিথাপাড়া গ্রামে একটি কাঁচা রাস্তা নির্মাণ নিয়ে গ্রামের মালিথা গ্রুপ ও মোল্লা গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার বিকেল ৪টার দিকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঘণ্টাব্যাপী চলা ওই সংঘর্ষে মালিথা গ্রুপের শামীম মালিথা নিহত হন। এ ঘটনায় কমপক্ষে আরও পাঁচজন আহত হন। তাদের মধ্যে মালিথা গ্রুপের মুল্লক চাঁদের ছেলে আপন তিন ভাই সাহাজুল (৩৫), শুকচাঁদ (৪৫) ও মুকাদ্দেসকে (৫০) কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই তিন সহোদরের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান চেয়ারম্যান।

দৌলতপুর থানার ওসি এসএম আরিফুর রহমান গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের পর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত