নিজের তীব্র প্রতিদ্বন্দ্বী বেনি গান্তসের সঙ্গে জোট সরকার গঠনের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চলতি সপ্তাহে যে চুক্তি করেছিলেন তাতে সমর্থন জানিয়েছে দেশটির পার্লামেন্ট।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জোট সরকারের প্রস্তাবটি বৃহস্পতিবার পার্লামেন্টে ৭১-৩৭ ভোটে পাস হয়। এর ফলে এই দুই নেতার মধ্যে ক্ষমতা নিয়ে এক বছরের বেশি সময় ধরে ক্ষমতা নিয়ে যে টানাপোড়েন চলছে তা সুরাহার একটি পথ তৈরি হলো বলে ধারণা করা হচ্ছে।
নেতানিয়াহু-গান্তস জানিয়েছেন, জোট সরকারের হয়ে ১৩ মে শপথ নেবেন তারা। চুক্তি অনুযায়ী ১৮ মাস প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকার পর সরে দাঁড়াবেন নেতানিয়াহু। প্রধানমন্ত্রী হবেন গান্তস।
অথচ এই জোট সরকারের প্রস্তাবনা বাতিল করে দিয়েছিল ইসরায়েলের হাইকোর্ট। বিরোধীরা অভিযোগ তুলেছিল, নানা দুর্নীতির কারণে দেশ শাসনে যোগ্যতা হারিয়েছেন নেতানিয়াহু। তা ছাড়া অভিযোগ ছিল জোট সকারের কিছু বিধান আইন পরিপন্থী।
কিন্তু বুধবার সন্ধ্যায় আদালত জানায়, নেতানিয়াহুর নেতৃত্বে সরকার গঠনে কোনো আইনি বাধা নেই। আদালত আরও জানায়, এই জোট সরকার গঠন করলেও নেতানিয়াহুর বিরুদ্ধে আনা অভিযোগগুলো তীব্রতা হারাবে না।
২০০৯ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই নানা কারণে সমালোচিত নেতানিয়াহু। যেকোনো সময় তিনি ক্ষমতা হারাতে পারেন বলে শুরু থেকেই বিশ্লেষক ও প্রতিদ্বন্দ্বীরা মনে করলেও কোনো না কোনোভাবে গদি ঠিক রেখেছেন তিনি। ‘দ্য ম্যাজিশিয়ান’ হিসেবে পরিচিতি পাওয়া কট্টরপন্থী এই নেতা এবারও তেমন কারিশমাই দেখালেন।
