করোনার ধাক্কায় আত্মহত্যা ও মাদক সেবনে ৭৫ হাজার মার্কিনির মৃত্যুর আশঙ্কা

আপডেট : ০৮ মে ২০২০, ০২:৩৫ পিএম

করোনা মহামারির কারণে অর্থনৈতিক ধাক্কায় চাকরি হারানো এবং লকডাউনে পড়ে ভয়াবহ মানসিক চাপে আছে মার্কিন নাগরিকেরা। এমন পরিস্থিতিতে আত্মহত্যা ও অতিরিক্ত মাদক গ্রহণে যুক্তরাষ্ট্রে ৭৫ হাজার মানুষের মৃত্যু হতে পারে।

সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের জাতীয় জনস্বাস্থ্য গ্রুপের অন্তর্ভুক্ত ওয়েল বিং ট্রাস্টের গবেষণায় এমনটা উঠে এসেছে।

গবেষণায় বলা হয়েছে, করোনার কারণে অর্থনৈতিক মন্দা, বেকারত্ব ও দীর্ঘদিন ধরে ঘরবন্দি থাকার কারণে মানুষের মধ্যে হতাশা বাড়ছে। ফলে তাৎপর্যপূর্ণভাবে ‘হতাশাজনিত কারণে মৃত্যু’ বাড়তে পারে যুক্তরাষ্ট্রে।

ট্রাস্টের প্রধান কৌশলবিদ ডা. বেঞ্জামিন এফ. মিলার বলেন, যদি কেন্দ্রীয় সরকার, অঙ্গরাজ্য ও স্থানীয় সরকারগুলো এখনই জনগণের মানসিক স্বাস্থ্যের দিকে নজর না দেয় তাহলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে।

তিনি বলেন, সম্ভাব্য মৃত্যুর এই সংখ্যা জানা গেছে গবেষণা পদ্ধতি ব্যবহার করে নির্ধারণ করা হয়েছে। তবে সরকার যথাযথ পদক্ষেপ নিলে সে সংখ্যা অনেক কমে যেতে পারে।

ওয়েল বিং ট্রাস্ট জানায়, মাহমারির কারণে চাকরিচ্যুতদের সরকারের পক্ষ থেকে ফের চাকরির নিশ্চয়তা দেওয়া প্রয়োজন। কারণ আত্মহত্যা ও অতিরিক্ত মাদক সেবনের অন্যতম কারণ হচ্ছে বেকারত্ব।

জানা যায়, ২০০৮ সালের অর্থনৈতিক মহামন্দার সময়ও যুক্তরাষ্ট্রে আত্মহত্যা ও অতিরিক্ত মাদক সেবনে মৃত্যুর হার বেড়ে গিয়েছিল। মহামন্দার আগের বছর ২০০৭ সালে এ ধরনের মৃত্যুর হার ছিল ৪ দশমিক ৬ শতাংশ। কিন্তু ২০০৯ সালের অক্টবরে সে হার বেড়ে দাঁড়ায় ১০ শতাংশে। অর্থনৈতিক সংকট কমতে শুরু করলে ২০১০ সালে সে হার কমে ৩ দশমিক ৫ শতাংশে চলে আসে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যু উভয় তালিকাতেই শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট আক্রান্ত সাড়ে ১২ লাখ ছাড়িয়েছে, যা বিশ্বের মোট আক্রান্তের এক-তৃতীয়াংশ। যুক্তরাষ্ট্রে মৃত্যু দাঁড়িয়েছে ৭৫ হাজার, যা বিশ্বের মোট মৃত্যুর এক-চতুর্থাংশের বেশি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত