বরিশাল বিভাগের ছয় জেলায় গতকাল শুক্রবার পর্যন্ত ১৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীও রয়েছেন। তবে আক্রান্তদের মধ্যে ৬৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন ছয়জন। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় এ তথ্য জানিয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে জানা গেছে, করোনার সংক্রমণ প্রতিরোধে বিদেশি নাগরিকসহ ভিন্ন জেলা (সংক্রমিত) থেকে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে রাখার কার্যক্রম চালু রয়েছে। ফলে গত ১০ মার্চ থেকে গতকাল পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ছয় জেলায় ১০ হাজার ৪৯৩ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। যার মধ্যে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয় ৯ হাজার ৮২১ জনকে। ৮ হাজার ৩৮ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন জেলায় হাসপাতালে (প্রাতিষ্ঠানিক) কোয়ারেন্টাইনে রয়েছেন ৬৭২ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে গতকাল পর্যন্ত ৫২৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলায় ১০৭ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। আর ৩৪৩ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে আইসোলেশনে চিকিৎসা নিয়েছেন ২৬৪ জন। তাদের মধ্যে ১৬৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ৩০, পটুয়াখালীতে ১১, ভোলায় ১, পিরোজপুরে ১, বরগুনায় ১৮ ও ঝালকাঠিতে ২ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এছাড়া বরিশালের মুলাদী, পটুয়াখালী সদর উপজেলা, মির্জাগঞ্জ উপজেলা, দুমকি এবং বরগুনার আমতলী ও বেতাগী উপজেলায় একজন করে মোট ছয় ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
