করোনাভাইরাসের কারণে আর্থিক ধাক্কা সামলাতে সময়মতো সিরিজ আয়োজনে মরিয়া ভারতীয় ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই’র কথা, প্রয়োজনে পরিবেশবান্ধব স্টেডিয়ামে খেলা হবে তবুও সূচি অনুযায়ীই হবে অস্ট্রেলিয়া সফর।
চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সফর শুরু করার কথা টিম ইন্ডিয়ার। ডিসেম্বরে রয়েছে টেস্ট সিরিজ। কিন্তু করোনার জেরে নির্ধারিত সূচিতে আদৌ খেলা যাবে কি-না, তা নিয়ে প্রশ্ন ওঠে। তত দিনেও পরিস্থিতি স্বাভাবিক হবে নাকি সেই সময়ও কোহলিদের বিদেশ সফরের ওপর বিধিনিষেধ জারি থাকবে, সে উত্তর এখনো অজানা।
এসবের মধ্যেও ভারতীয় ক্রিকেট বোর্ডের বোর্ডের একটি সূত্র শনিবার সংবাদমাধ্যমকে জানিয়ে দিল, পরিস্থিতি যাই হোক অক্টোবরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবেন বিরাটরা। যদি অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হয়, তাহলে টি-টোয়েন্টির পরই টানা টেস্ট সিরিজও খেলে নেবে ভারত। প্রয়োজনে পরিবেশবান্ধব স্টেডিয়ামে খেলানো হবে ম্যাচগুলো।
জাতীয় দলের নির্বাচক প্রধান সুনীল যোশিও চাইছিলেন টি-২০ সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরুক ভারত, বোর্ডও সেটাই চাইছে। ছোট ফরম্যাট দিয়ে ক্রিকেট শুরু হলে ক্রিকেটারদের ফিটনেসের সমস্যা হবে না। তাই এই সিরিজ সময়মতো চাইছে বিসিসিআই।
অন্যদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া ভাবছে এই সিরিজের আর্থিক দিক। সিরিজটি না হলে অন্তত ৩০ কোটি ডলার লোকসান হবে অজি বোর্ডের। এ কারণে যে কোনো মূল্যে তারা সিরিজ আয়োজনে মরিয়া। এমনকি, ভারতীয় ক্রিকেটারদের যদি অস্ট্রেলিয়ায় গিয়ে ১৪ দিন কোয়ারেন্টাইনেও থাকতে হয়, তাতেও আপত্তি নেই দুই বোর্ডের।
গত মার্চে দক্ষিণ আফ্রিকা এসেছিল ভারত সফরে। যদিও করোনার কোপে সে সিরিজ শেষমেশ বাতিল হয়ে যায়। তারপর থেকে গৃহবন্দী ক্রিকেটাররা। মরণঘাতী করোনা ভাইরাসের জেরে স্তব্ধ খেলার দুনিয়া। এত দিন বাদে ক্রিকেট দেখার আশায় বুক বাঁধছেন সমর্থকেরা।
