ট্রাম্পের দাবি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের পুতুলে পরিণত হয়েছে

আপডেট : ০৯ মে ২০২০, ১১:৫৮ পিএম

করোনাভাইরাস ইস্যুতে আবারও বিশ^ স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং চীনের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার এক সাক্ষাৎকারে ফক্স নিউজকে তিনি বলেন, সংস্থাটি চীনের পুতুলে পরিণত হয়েছে, চীন যা করছে তা তাদের কাছে সব সময় ঠিক মনে হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে ডব্লিউএইচওকে দেওয়া তহবিল বন্ধ করে দিয়েছেন। করোনা মহামারীতে চীনের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে এই পদক্ষেপ নিয়েছেন তিনি।

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি না এটি সচেতনভাবে করা হয়েছে। কিন্তু হয়তো অযোগ্যতার কারণে হয়েছে। ভাইরাসটি হয়তো ছড়িয়ে পড়েছে এবং তারা জানত কীভাবে বিষয়টি নিয়ে কথা বলবে। তারা চীনকে সহযোগিতা করতে চেয়েছিলেন। কিন্তু বিশ^ স্বাস্থ্য সংস্থা তা করতে দেয়নি। আপনারা জানেন, আমরা প্রতি বছর প্রায় ৫০০ মিলিয়ন ডলার দিই। শিগগিরই আমি একটি ঘোষণা দিতে যাচ্ছি; কারণ তারা চীনের পুতুলে পরিণত হয়েছে। চীন যা করে সব ঠিক। চীনের কাছ থেকে তারা মাত্র ৩৮ মিলিয়ন ডলার পায়। এরপরও চীন তাদের বলে দেয় কী করতে হবে। এটা হতে পারে না।’ মহামারীর জন্য ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় চীনের ব্যর্থতার অভিযোগে দেশটিকে শায়েস্তা করার উপায় খুঁজছে ট্রাম্প প্রশাসন। ভাইরাসটির উৎস অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীদের দেশটিতে প্রবেশ করতে দেওয়ার জন্যও চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত