ভারত ও অস্ট্রেলিয়া থেকে ফিরলেন ৩২৫ বাংলাদেশি

আপডেট : ১০ মে ২০২০, ০৪:২৩ এএম

করোনা পরিস্থিতিতে ভারত ও অস্ট্রেলিয়া থেকে আরও ৩২৫ বাংলাদেশি দেশে ফিরেছেন। তাদের মধ্যে গতকাল শনিবার দুপুর ২টায় বেসরকারি ইউএস বাংলার ফ্লাইটে ভারতের চেন্নাই থেকে আসেন ১৬৮ জন। আর অস্ট্রেলিয়া থেকে শুক্রবার রাতে শ্রীলঙ্কার বিশেষ ফ্লাইটে ঢাকা আসেন ১৫৭ জন।

অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রত্যাবাসন কার্যক্রম ‘বন্দে ভারত মিশনের’ অংশ হিসেবে গতকাল এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে একদল নাগরিক ফিরে যান। এ ছাড়া দৃক এয়ারের ফ্লাইটে ভুটানের কয়েকজন ফেরত গেছেন। তবে তাদের সংখ্যা জানা যায়নি।

গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এভসেক পরিচালক উইং কমান্ডার ওবায়দুর রহমান এসব তথ্য জানান। তিনি আরও জানান, ভারতীয় নাগরিকদের দ্বিতীয় দল এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে দুপুর সোয়া ১টায় রওনা হন। এভাবে আরও বেশ কিছু ভারতীয় নাগরিকের বিশেষ ফ্লাইটের শিডিউল রয়েছে। শুক্রবার প্রথম দলে ১৬৮ কাশ্মীরি ফিরে যান। এদিকে চেন্নাই থেকে ফিরতে পেরে কৃতজ্ঞতা জানিয়ে ডা. রাহিমা বলেন, ‘করোনার কারণে সেখানে চরম দুর্যোগে কাটাতে হয়েছে। এখনো অনেকে ফ্লাইটের অভাবে ফিরতে পারছেন না। টাকা-পয়সা শেষ হয়ে যাওয়ায় তারা কষ্টে আছেন।’

অন্যদিকে অস্ট্রেলিয়ার বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, করোনা পরিস্থিতিতে অস্ট্রেলিয়ায় আটকে পড়া ১৫৭ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে শুক্রবার মেলবোর্ন থেকে শ্রীলঙ্কার কলম্বো হয়ে রাত ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত