স্পেন, ইতালির পর করোনাভাইরাসে মৃত্যুর প্রকোপ অনেকটা কমে আসছে তাদের পার্শ্ববর্তী দেশ ফ্রান্সেও। চব্বিশ ঘণ্টার হিসেবে এক মাসের মধ্যে শনিবার সবচেয়ে কম মৃত্যু হয়েছে দেশটিতে।
এদিন ফরাসি সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, ২৪ ঘণ্টায় দেশে কভিড-১৯ এ আরও ৮০ জনের মৃত্যু হয়েছে। এপ্রিলের শুরু থেকে এখন পর্যন্ত এটা এক দিনে সবচেয়ে কম মৃত্যুর ঘটনা।
তাতে ফ্রান্সে করোনায় মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৩,৩১০ জনে, যা ইউরোপের দেশগুলোর মধ্যে চতুর্থ সর্বোচ্চ। আক্রান্তের তালিকায় ইউরোপের দেশগুলোর মধ্যে পঞ্চমস্থানে আছে দেশটি, ১ লাখ ৭৬ হাজার।
করোনার প্রকোপ কমতির দিকে থাকায় সোমবার থেকে আট সপ্তাহ ধরে চলা লকডাউন শিথিল করতে যাচ্ছে ফ্রান্স। যদিও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, “এই মহামারি এখনো সক্রিয় আছে, বাড়ন্ত অবস্থায় আছে। দেশের বিভিন্ন জায়গায় ঘুরছে।”
করোনার প্রকোপ কমে আসায় লকডাউন শিথিল করেছে ফ্রান্সের দুই প্রতিবেশী স্পেন ও ইতালিও।
এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ২ লাখ ৮০ হাজার ছুঁই ছুঁই।
