এইডসের সঙ্গে করোনার তুলনা করে ট্রাম্পের সব অভিযোগ প্রত্যাখান চীনের

আপডেট : ১০ মে ২০২০, ১১:৪৩ পিএম

করোনাভাইরাসের উৎপত্তি ও সংক্রমণ ছড়িয়ে পড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর করা সমস্ত অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা যুক্তি দিয়েছে চীন।

চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়া এ নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে যুক্তরাষ্ট্রে শনাক্ত হওয়া এইচআইভি ভাইরাসের সঙ্গে করোনাভাইরাসের তুলনা করা হয়।

সাউথ চায়না মর্ণিং পোস্ট জানায়, মহামারি নিয়ন্ত্রণে ভুল ব্যবস্থা, তথ্য গোপন ও উহানের ভাইরোলজি ল্যাবের সুরক্ষা নিয়ে অন্তত ২১টি অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীন।

রবিবার চীনের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেইলিতে প্রকাশিত এক সাক্ষাৎকারে উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির পরিচালক ইউয়ান ঝিমিং ল্যাবের সুরক্ষা পদ্ধতি তুলে ধরেন।

বিশ্বজুড়ে বিজ্ঞানীরা ভাইরাসটির উৎস নিয়ে অনুসন্ধান করছেন উল্লেখ করে সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাসটির উৎস ও ভবিষ্যতে প্রতিরোধের উপায় জানতে চীনা বিজ্ঞানীরাও এ সম্পর্কিত গবেষণা শুরু করেছেন।

উহান ল্যাবে নতুন করোনাভাইরাসটি তৈরির অভিযোগ প্রত্যাখ্যান করে চীন বলছে, বৈজ্ঞানিক যাচাই-বাছাইয়ের ভিত্তিতে বলা যায় এটি মানবসৃষ্ট নয়। দুর্ঘটনাক্রমে ল্যাব থেকে ছড়ানোর প্রশ্নই আসে না।

উহানের ভাইরোলজি ল্যাবটি ফ্রান্সের সঙ্গে যৌথ উদ্যেগে নির্মিত। সেখানকার কর্মীরা যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণ নিয়েছেন।

ল্যাবটিতে উন্নতমানের বায়ো-সিকিউরিটি আছে। শুরু থেকেই ল্যাবটি নিরাপদ ও অবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। গত ৩০ ডিসেম্বর নতুন ভাইরাসটির নমুনা পরীক্ষার জন্য সেটিকে উহান ল্যাবে আনা হয়েছিল। এর আগে ল্যাবের কেউ এ ভাইরাসের অস্তিত্ব সম্পর্কে জানতো না। তখন পর্যন্ত ল্যাবের কোনো কর্মী আক্রান্তও হননি।

সিনহুয়া জানায়, বিজ্ঞানীরা ভাইরাসটির উৎপত্তি নিয়ে এখনো অনুসন্ধান করছেন। উহানে প্রথম এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে তার অর্থ এই নয় যে, উহানই ভাইরাসটির উৎপত্তিস্থল। যুক্তরাষ্ট্রে শনাক্ত হওয়া এইচআইভি ভাইরাসের সঙ্গে এটির তুলনা করা হয়।

গত ২৩ জানুয়ারি চীনে লকডাউনের সিদ্ধান্ত ভাইরাসটির ভয়াবহতা সম্পর্কে বিশ্বের কাছে একটি জোরালো সর্তকবার্তা ছিল বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে, ক্ষতিপূরণ দাবির কোনো আইনগত ভিত্তি নেই উল্লেখ করে বলা হয়েছে, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে জনস্বাস্থ্য বিষয়ক কোনো চুক্তি কখনো হয়নি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত