না.গঞ্জে খুলেছে মার্কেট

করোনা সংক্রমণ বাড়ার শঙ্কা

আপডেট : ১১ মে ২০২০, ০১:৫৪ এএম

স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন নারায়ণগঞ্জের দোকানমালিকরা। সে অনুযায়ী গতকাল রবিবার সকাল থেকেই খুলতে শুরু করে নগরীর অধিকাংশ মার্কেট ও বিপণি বিতান। প্রথম দিনেই মার্কেটগুলোতে ভিড়ও ছিল লক্ষণীয়। কিন্তু কিছু দোকানে স্বাস্থ্যবিধি ও নির্দিষ্ট দূরত্ব মানা হলেও অধিকাংশতেই তা মানতে দেখা যায়নি। আর এভাবে দোকানপাট চালু করায় করোনার হটস্পট হিসেবে চিহ্নিত নারায়ণগঞ্জে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করছে নগরবাসী। সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী এবং জেলার সিভিল সার্জনও এ নিয়ে তাদের শঙ্কার কথা জানিয়েছেন।

গতকাল দুপুরে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন জায়গা ঘুরে দেখা যায়, এক দিনের ব্যবধানে পাল্টে গেছে শহরের চিত্র। কেবল বাস ছাড়া সড়কে চলছে সব ধরনের যানবাহন। দীর্ঘদিন পর বঙ্গবন্ধু সড়কে যানজট দেখা গেছে। বঙ্গবন্ধু সড়কের দুই পাশের নিউ সমবায় মার্কেট, সায়াম প্লাজা, মার্ক টাওয়ার, বর্ষণ সুপার মার্কেট, সোনার বাংলা মার্কেট, হক প্লাজা, মিডটাউন শপিং কমপ্লেক্সসহ সব মার্কেটের দোকান খুলেছে সকাল থেকেই। এ ছাড়া কালিরবাজার এলাকার ফ্রেন্ডস মার্কেট ও রেলওয়ে মার্কেটের দোকানপাটও খুলেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত