ফেনীতে চিকিৎসকসহ আরও ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রবিবার রাতে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আক্রান্তদের মধ্যে একজন স্বাস্থ্য কর্মকর্তা, একজন মেডিকেল অফিসার ও বাকিরা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী। আক্রান্তদের ফেনী ট্রমা সেন্টারে নাকি বাসায় চিকিৎসা দেয়া হবে সেটি পরে জানানো হবে।
ডা. সাজ্জাদ হোসেন জানান, রাতে চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে নমুনা পরীক্ষায় ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে প্রতিবেদন পাঠানো হয়। জেলায় এ পর্যন্ত ৬৬৬ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। বিআইটিআইডি ও ভেটেরেনারি থেকে ৪১১ জনের নমুনা প্রতিবেদন আসে।
ফেনীতে চিকিৎসকসহ এখন পর্যন্ত ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৮জন স্বাস্থ্য বিভাগের, অন্যদের মধ্যে ছাগলনাইয়ায় দুইজন, দাগভূঞায় তিনজন, সোনাগাজীতে একজন ও ফুলগাজীতে একজনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এদের মধ্যে ফেনী ট্রমা সেন্টার থেকে ২জন ছাড়পত্র পেয়েছে।
