গীতিকরি জাভেদ আখতার মনে করেন, আজানের সুর লাউড-স্পিকারের মাধ্যমে কানে পৌঁছে অস্বস্তির সৃষ্টি করে।
আনন্দবাজার পত্রিকা জানায়, সম্প্রতি টুইটারে নিজের মনোভাব প্রকাশ করেছেন বলিউডের অনেক হিট সিনেমার এই চিত্রনাট্যকার।
তিনি বলেন, ‘‘আমাদের বিশ্বাস ও সার্বভৌমত্বের একটা অবিচ্ছেদ্য অংশ হলো আজান। সেটাই যখন তীব্র লাউড-স্পিকারের মাধ্যমে কানে এসে পৌঁছায়, তখন অনেকের কাছেই তা অসুবিধার কারণ হয়ে দাঁড়াতে পারে।’’
জাভেদের মতে, ভারতে প্রায় পঞ্চাশ বছর ধরে মাইকে আজান ‘হারাম’ ছিল, আর এখন ‘হালাল’ হয়ে গেছে। তার আশা, লকডাউনের সময়ে অন্তত লাউডস্পিকারের থেকে মুক্তি দেওয়া যায়।
তার মতে, আজান গুরুত্বপূর্ণ, কিন্তু তার সঙ্গে জড়িত যন্ত্রটি নয়।
মন্দিরে লাউড-স্পিকারের ব্যবহার নিয়েও একই মত জাভেদের। বলেন, “কোনো উৎসব হলে আলাদা কথা। কিন্তু রোজ রোজ এটা চলতে পারে না।”
কয়েক দিন আগে লকডাউনের মাঝে মদের দোকান খুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তে ক্ষোভ জানান জাভেদ আখতার। তার মতে, মদ সহজলভ্য হলে পারিবারিক সহিংসতা বাড়বে।
বছর তিনেক আগে গায়ক সোনু নিগমও লাউড-স্পিকারে আজান নিয়ে আপত্তি জানিয়ে বিতর্কের মুখে পড়েন।
