সোনাগাজী উপজেলার বগাদানা ইউপির মান্দারি গ্রামে চকলেটের লোভ দেখিয়ে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুকে ধর্ষণ করেছে এক বখাটে। অভিযুক্ত আবু জাফর রাজু (২২) ওই গ্রামের মুন্সি কাজি বাড়ির মোহাম্মদ ইলিয়াছের ছেলে।
ঘটনাটি রবিবার দুপুরে ছাত্রীটির বাড়ির পার্শ্ববর্তী আবু তাহেরের পরিত্যক্ত ঘরে ঘটে। বিকেলে ছাত্রীর বাবা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
পুলিশ রাতে অভিযান চালিয়ে বখাটে রাজুকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক ময়নাল হোসেন জানান, শিশুটিকে আসামি রাজু হাতে ১০ টাকার নোট দিয়ে চকলেটের লোভ দেখিয়ে তাদের বাড়ির পার্শ্ববর্তী আবু তাহেরের পরিত্যক্ত ঘরে নিয়ে যায়। দীর্ঘক্ষণ ঘর থেকে বের না হলে বাড়ির কয়েকজন নারী ঘরে গিয়ে তাদের উভয়কে উলঙ্গ অবস্থায় দেখতে পায়। একপর্যায়ে আসামি রাজু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ছাত্রীটি তার পরিবারের কাছে ঘটনার বর্ননা দেন।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, আসামি রাজুকে সোমবার দুপুরে ফেনীর আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা শেষে জবানবন্দি গ্রহণের জন্য সিরিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল ইসলামের আদালতের হাজির করা হয়। জবানবন্দি গ্রহণ শেষে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
